কারও জমি অহেতুক কেড়েও নেওয়া হবে না, কাউকে কোনো রকম ক্ষতিগ্রস্তও করা হবে না: প্রধানমন্ত্রী
আলোচনা করে ড্যাপ বাস্তবায়ন করা হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবার সঙ্গে আলোচনা করে ড্যাপ বাস্তবায়ন করা হবে। ঢাকায় ভূমির যথেচ্ছ ব্যবহার করতে দেওয়া হবে না। বিগত সরকার ভূমি ও আবাসন ব্যবসায়ীদের লাই দিয়ে মাথায় তুলেছে বলেই তাঁরা অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ভবন নির্মাণ করেছেন। আমাদের মন্ত্রী এসব ভূমি ও আবাসন ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন বলেই তাঁকে গালি দেওয়া হচ্ছে।’জাতীয় সংসদে গতকাল বুধবার প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সম্পর্কে তিনি বলেন, ‘ওই সব এলাকায় কারও জমি অহেতুক কেড়েও নেওয়া হবে না, কাউকে কোনো রকম ক্ষতিগ্রস্তও করা হবে না। আমি জানি, কিছু কিছু ক্ষেত্রে মানুষকে উসকানো হচ্ছে। নানা রকম সমস্যার সৃষ্টি করা হচ্ছে। এগুলো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি, কোনো কাজই মানুষকে অসুবিধায় ফেলে করা হবে না। প্রতিটি কাজ পরিকল্পিতভাবে করা হবে।’ তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে একটি নোটিশ জারি করেছি। স্থানীয় সরকারমন্ত্রীর নেতৃত্বে সাত মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। এখানে যারা সুবিধাভোগী বা যারা অসুবিধায় পড়বে, সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই এটি বাস্তবায়ন করা হবে।’প্রধানমন্ত্রী বলেন, যেখানে যা করা হবে তা ওই এলাকার মানুষের সঙ্গে আলোচনা করেই করা হবে। স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। কিছুদিন আগে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে অনুষ্ঠিত সভায় গণপূর্ত প্রতিমন্ত্রীকে হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এবং হাউজিং কোম্পানির দখল করা সরকারের পরিত্যক্ত জমি ও অবৈধ দখল করা জমি শনাক্ত করে উদ্ধারের ইচ্ছা সরকারের আছে কি না—মুজিবুল হকের করা সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্য হলো বাংলাদেশের। আমাদের আবাসিক সমস্যা রয়ে গেছে। মানুষের আবাসনের সমস্যার সমাধানে আবাসন ব্যবসায়ীদের বিরাট অবদান রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে, যে যখন ক্ষমতায় থাকছে, তারা কিন্তু কখনো এদের ঠিক কোথায় কতটুকু জমি ব্যবহার করতে পারবে বা কী কী কাজ করবে—এটা কড়াকড়িভাবে অনুসরণ করানো হয়নি। করা হয়নি বলেই তারা এভাবে যেখানে-সেখানে জায়গা নেওয়া, ভবন তোলা, ভূমিকে যথেচ্ছ ব্যবহার করার সুযোগ পেয়েছে। এ সুযোগ দেওয়ার জন্য কারা দায়ী? যারা ক্ষমতায় ছিল, তারাই দায়ী।’ তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা একটু কঠোর হতে চাইছি। এভাবে যথেচ্ছভাবে জমি ব্যবহার করা যাবে না। পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে।’সংসদ নেতা বলেন, ‘ধানমন্ডিতে একেকটি প্লট তৈরি হয়েছিল একেকটি পরিবার থাকার জন্য। সেখানে দুই থেকে তিনতলা পর্যন্ত করা যেত। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শুনলাম সেখানে ১৬ তলা করার অনুমতি দেওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে তা বন্ধ করলাম। কারণ, সেখানকার রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, পয়োনিষ্কাশন ব্যবস্থা—কোনোটাই এত বড় ভবন বা এত পরিবার থাকার উপযুক্ত ছিল না। কিন্তু তত দিনে ছয়তলা পর্যন্ত ভবন হচ্ছিল। যেখানে একটি পরিবার ছিল, সেখানে ৩০-৩৫টি পরিবার থাকতে শুরু করল। এতে সমস্যা প্রকট হলো। শুরুতেই যদি সব ঠিক করে অনুমতি দেওয়া হতো, তাহলে সমস্যা হতো না।’ তিনি বলেন, ‘এখন যাঁরা বলছেন, বকাঝকা করছেন, মন্ত্রীকে গালি দিচ্ছেন, মন্ত্রী তাঁদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছেন বলেই তাঁদের এই আচরণ। অপরিকল্পিতভাবে যেন কিছু না হয়, সে ব্যাপারেই আমরা পদক্ষেপ নিচ্ছি।’প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ছয় বা আটতলার অনুমতি নিয়ে ১২ তলা করা হয়েছে। ১০ তলা করে ২০ তলা করা হয়েছে। এ ধরনের অনিয়ম করা হয়েছে। এই অনিয়ম বেশি ক্ষতি করে দিচ্ছে। একটা নিয়ম তো তাদের মানতে হবে। এ নিয়ম মানেনি। এভাবে অনেক সমস্যার সৃষ্টি করেছে। আজকে একটা ভূমিকম্প হলে ঢাকার যে কী অবস্থা হবে, মানুষ যে কীভাবে মারা যাবে। উদ্ধার করাও যাবে না। তিনি বলেন, আগে একটি বাড়ির সঙ্গে অন্য বাড়ির ফারাক ছিল। এখন ফাঁক তো দূরের কথা, বারান্দাটা বাড়িয়ে দিয়ে রাস্তার জায়গাও পারলে দখল করে নেয়। এই যে অনিয়ম, এটি ঠিক নয়। যথাসময়ে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এ পর্যায়ে অধিবেশনে সভাপতিত্ব করা স্পিকার আবদুল হামিদ বলেন, ঢাকা মৃত নগরে পরিণত হবে।বিরোধীদলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে জুনায়েদ আহমেদের উত্থাপিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দেশের ফসলের জমিতে কোনো হাউজিং প্রকল্প গ্রহণ করে না। বর্তমানে ফসলের জমি ভরাট করে বাড়ি নির্মাণ না করার বিষয়টি স্পষ্ট করে জাতীয় গৃহায়ণ নীতিমালা আরও সংশোধন করা হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার জন্য প্রণীত ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান ১৯৯৫ থেকে ২০১০-এ ফসলি জমি ও প্রাকৃতিক জলাশয় ভরাট করে ঘরবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও হাউজিং প্রকল্পসহ যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণ উন্মুক্ত নয়। বর্তমানে অনুমোদিত ডিটেইলড এরিয়া প্ল্যানেও (ড্যাপ) ফসলি জমিতে বাড়িঘর নির্মাণের বিষয়টি নিষিদ্ধকরণের বিধান রাখা হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম মহানগরের ডিটেইলড এরিয়া প্ল্যানে আবাসিক এলাকা, শিল্প এলাকা, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান—পরিবেশগত ক্রিটিক্যাল এলাকা জলাশয়, কৃষিজমি ইত্যাদি পরিকল্পনামাফিক নির্ধারণ করা হয়েছে। ফসলি জমি যাতে অন্যথা ব্যবহার না হয়, সে বিষয়ে চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকে।উপগ্রহের মাধ্যমে জমির উর্বরতা নির্ধারণ সম্পর্কে জুনায়েদ আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নিজস্ব উপগ্রহ নেই। তাই বিদেশের সহায়তা নিয়ে আমাদের এ কাজটি করতে হচ্ছে। তবে ভবিষ্যতে আমাদের নিজস্ব উপগ্রহ হবে বলে আশা করা যায়। তখন উপগ্রহের মাধ্যমে আমরা নিজেদের জমির উর্বরতা নির্ধারণ করতে পারব।’ধীরেন্দ্র দেবনাথের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, সারা দেশকে ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপের আওতায় আনার ইচ্ছে আছে। সে ক্ষেত্রে অপরিকল্পিতভাবে আবাসিক এলাকার সম্প্রসারণ ও শিল্প স্থাপন যুক্তিসংগতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও জাহাজনির্মাণ কারখানাসহ আরও অনেক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া যাবে।তাজুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আকাশপথে যোগাযোগ বাড়ানোর জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছে। আনোয়ার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার সংবাদপত্রের সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীদের কল্যাণে প্রয়োজনে যথাসময়ে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করবে।