ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি দ্বিপক্ষীয় আলোচনার দরজা খোলা আছে। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে যে মামলা চলছে, তা থেকে সরে আসার সুযোগ নেই।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি, তাঁর প্রস্তাবিত সৌদি সফর ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিএনপিকে টাকা দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সরে আসার সুযোগ নেই: ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, দ্বিপক্ষীয়ভাবে বিষয়টি সুরাহার পথ আছে কি না। তিনি বলেন, ‘পঙ্কজ শরণের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। আমার সঙ্গে আলোচনার সময় তিনি আমাকে মিয়ানমারের সঙ্গে জয়ের ব্যাপারে অভিনন্দন জানান। তবে সালিস আদালতের রায় নিয়ে তিনি আমার সঙ্গে কথা বলেননি।’দীপু মনি বলেন, ‘পরে আমি টেলিভিশনে যতটুকু দেখলাম, তাতে আমার মনে হয়েছে, তিনি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন।’ তিনি বলেন, ‘সালিস আদালতে যখন গিয়েছিলাম, তখনো তো বলেছিলাম—আলোচনার সুযোগ রয়েছে, আলোচনার দরজা খোলা। মিয়ানমারের বিপক্ষে রায়ের পর কতগুলো নীতি প্রতিষ্ঠিত হয়েছে। এতে আমাদের চাওয়া প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই আলোচনার মাধ্যমে যদি আমাদের স্বার্থ নিশ্চিত হয়, আমাদের অভীষ্ট লক্ষ্য পূরণের বিষয়টি যদি নিশ্চিত হওয়া যায়, তাহলে তো আলোচনায় যেতে পারি।’দীপু মনি বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে আমরা সব সমস্যার সমাধান করতে চাই। ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আলোচনা চলছে। এখন তারা যদি আলোচনায় আসতে চায়, আলোচনার দরজা খোলা আছে।’আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সমুদ্রসীমার সুরাহা হলে মামলার প্রক্রিয়া থেকে বাংলাদেশ সরে আসবে কি না—জানতে চাইলে দ্বিমত প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতের নতুন হাইকমিশনার সম্প্রতি আমার সঙ্গে বৈঠকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে যে সালিসি প্রক্রিয়া চলছে, সে ব্যাপারে ইতিবাচক আছেন। এখন যদি ভারতের পক্ষ থেকে বলা হয়, তারা সালিসি প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে, সেটার তো সুযোগ নেই। আলোচনা হতে পারে, এর পাশাপাশি সালিসি প্রক্রিয়াও অব্যাহত থাকবে।’দীপু মনি বলেন, ‘২০১৪ সালে সালিস আদালতের রায় হওয়ার কথা রয়েছে।’‘গোপনীয়তার বিকল্প ছিল না’: মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমার মামলার আগে বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠকে বসার প্রয়োজনীয়তা ছিল বলে বিরোধী দলের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘মামলার বিষয়টি রাষ্ট্রীয় গোপনীয় বিষয়ই ছিল। যাঁরা এ নিয়ে কাজ করেন, তাঁরা জানেন, মামলায় যাওয়ার বিষয়টি কতটা গোপনীয় ছিল।’বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, ‘যাঁরা এখন এ নিয়ে কথা বলছেন, বিজয় নিয়ে দ্বিধা বোধ করছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরকারের কাছ থেকে আলাদা করে দেখেন, তাঁদের ব্যাপারে মন্তব্য করতে চাই না।’মিয়ানমার সীমান্তে নাসাকা বাহিনী সেনা সমাবেশ বাড়িয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘সীমান্তে মিয়ানমারের সেনা সমাবেশের খবরটি সত্য নয়। আমরা মিয়ানমারে আমাদের দূতাবাস ও ঢাকায় মিয়ানমার দূতাবাসের মাধ্যমে খবর নিয়ে দেখেছি, এসব কোনো সত্য তথ্য নয়।’আইএসআইয়ের টাকা প্রসঙ্গে পাকিস্তানের ভাষ্য চাওয়া হবে: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান বিরোধী দল বিএনপিকে টাকা দিয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে, সে সম্পর্কে পাকিস্তানের কাছে তথ্য চাওয়া হবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ মন্তব্য করে আরও বলেন, ‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান আসাদ দুররানি সম্প্রতি আদালতে দেওয়া সাক্ষ্যে জানিয়েছেন, তিনি পাকিস্তান ও বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে টাকা দিয়েছেন। আমরা এটি প্রথম জানতে পারি দুবাইভিত্তিক খালিজ টাইম-এর মাধ্যমে। কাজেই দুররানির যে ভাষ্য, সেটি কোনো পত্রিকার প্রতিবেদকের বক্তব্য কিংবা কলামের তথ্য নয়। এটি আদালতে শপথ করে দেওয়া সাক্ষ্যেরই অংশ।’ দীপু মনি বলেন, ‘এ সাক্ষ্যের প্রতিলিপি (ট্রান্সক্রিপশন) আমরা চাইব। এটি পাওয়া যাবে বলে আমরা আশা করছি। আসলে কী ঘটেছিল, এটি স্পষ্ট হওয়া প্রয়োজন।’