আলোচনা ছাড়া সমস্যার সমাধান হবে না: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। যেখানে সংসদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ রয়েছে, সেখানে রাজপথে হরতাল ডেকে কোনো সমস্যার সমাধান হবে না। আলোচনার সব পথ উন্মুক্ত থাকার পরও মানুষের জানমালের ক্ষতি করাটা সমীচীন নয়। আজ রোববার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন। সৈয়দ আশরাফ বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘সংসদে আসুন। আলোচনা করুন। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই, আগামী নির্বাচন কোন ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে।’ তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী সবকিছুতে এখন “না”, “না” বললেও একসময় তিনি “হ্যাঁ” বলবেনই।’সৈয়দ আশরাফ আরও বলেন, সংবিধান সংশোধিত হলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না—এগুলো অপপ্রচার। সুপ্রিম কোর্টের রায়ে কোথাও রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ নিয়ে কিছু বলা হয়নি। তিনি বলেন, সংবিধান সংশোধিত হলেও রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, সংবিধানেও বিসমিল্লাহ থাকবে। তবে একই সঙ্গে সব ধর্ম পালনের ব্যাপারেও রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা হবে।