আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের উদ্দেশে বলেছেন, আলোচনা ছাড়া সমস্যার সমাধান হবে না। তাই হরতাল ডেকে লাভ নেই। জনগণ তাতে সমর্থন দেবে না।রাজধানীর ধানমন্ডিতে গতকাল রোববার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালকে ‘অযৌক্তিক’ বলে তিনি মন্তব্য করেন।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা জাতীয় সংসদে এসে উত্থাপনের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আবারও অনুরোধ জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘যেখানে আলোচনার সকল পথ উন্মুক্ত, সেখানে হরতালের নামে জনগণকে জিম্মি করা, দেশের অর্থনীতির ক্ষতি করা এবং শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটানোর কোনো প্রয়োজন নেই। তাই এসব বাদ দিয়ে আসুন, আগামী নির্বাচন কীভাবে এবং কার অধীনে হবে, আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিই।’এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদে এসে আলোচনার জন্য বারবার অনুরোধ জানাচ্ছেন। একমাত্র সংসদেই আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান সম্ভব। আমরা কখনোই বলিনি, সংসদে আমাদের সংবিধান সংশোধনের একক ক্ষমতা অর্থাৎ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই আমরা যা ইচ্ছা তা-ই করব। আর আলোচনা ছাড়া যে সমস্যার সমাধান হবে না, তা খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলামসহ সবাই জানেন। তবে কেন মিথ্যা ও বানোয়াট ইস্যুতে দেশের মানুষকে জিম্মি করা হচ্ছে?’সৈয়দ আশরাফ বলেন, বিএনপি-জামায়াত হরতাল ডাকার কারণ হিসেবে বলছে, সংবিধান সংশোধনে গঠিত কমিটির প্রতিবেদনে নাকি আল্লাহর নাম নেই, বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম নেই। অথচ সারা দেশের মানুষ জানে, এসবই আগে সংবিধানে যেমন ছিল, এখনো তেমনই রয়েছে। কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের রায়েও এ ব্যাপারে কিছু বলা হয়নি। হরতালের নামে বিরোধী দলের নির্বিচারে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমাবাজির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘হরতাল সাংবিধানিক অধিকার। আমরা চাই, এটা শান্তিপূর্ণভাবে পালন করা হোক। কিন্তু যাঁদের গাড়ি এভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাঁরা তো সরকার কিংবা বিরোধী দলের নন। তাঁদের এভাবে পথে বসিয়ে কার লাভ?’এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, অতীত থেকেই বিরোধীদলীয় নেতা সর্বক্ষেত্রে ‘না, না’ বলে শুরু করেন, পরে জনগণের চাপে ‘হ্যাঁ’ বলেন। এবারও হয়তো তা-ই হবে। আর সর্বোচ্চ আদালতের রায় মানা সবার জন্য বাধ্যবাধকতামূলক। আদালতের রায় না মানলে সে দেশ তো আর সভ্য থাকে না। তাই সর্বোচ্চ আদালতের রায় মেনেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নতুন প্রস্তাব বিবেচনার সুযোগ রয়েছে।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।‘প্রতিহিংসার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে’: পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, হরতালের নামে বিরোধী দলের প্রতিহিংসার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। হরতালের নামে গাড়ি পুড়িয়ে জনগণকে ভয় দেখিয়ে ঘরে আবদ্ধ করে রাখার নাম গণতন্ত্র নয়।বিরোধী দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রাস্তায় নেমে ত্রাসের রাজত্ব কায়েম না করে দেখুন জনগণ হরতাল মানে কি না। আপনারা সংসদেও আসবেন না, কিন্তু সংসদ সদস্য হিসেবে বেতন-ভাতা নেবেন, ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন, বিদেশ সফর করবেন, এটা তো হয় না।’ ভবিষ্যতে এ ধরনের হরতাল আহ্বান করলে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামবে বলে তিনি হুঁশিয়ার করেন।