বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘তলে তলে কিসের আলোচনা। আলোচনা হতে হবে প্রকাশ্যে, তাও হতে হবে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে। এছাড়া আমাদের খোশগল্প করার সময় নেই, তাঁদের সঙ্গে কথা বলার মানসিকতাও নেই।’ খালেদা জিয়া বলেন, ‘বিএনপির সময়ও বিএনপি আলোচনা করেছিল। সে আলোচনা ছিল প্রকাশ্যে। দলে একটি লেভেল ঠিক করে দেওয়া হয়েছিল যে, কোন লেভেলে আলোচনা হবে।’ আজ সোমবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কিছু নেতা-কর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।খালেদা জিয়া আবারও বলেছেন, ‘আওয়ামী লীগ তাদের পুরো মেয়াদ পূরণ করুক। এতে বিএনপির কিছু আসে যায় না। কিন্তু বর্তমান সংবিধানে যে নির্বাচনের কথা বলা আছে তা গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার অধীনে কোনো অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না।’ আওয়ামী লীগ গত চার বছরে কোনো ভালো কাজ করেনি, এজন্য তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এ সরকারকে আন্দোলনের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। তাঁদেরকেই সংবিধান পরিবর্তন করতে হবে। এ ছাড়া কোনো নির্বাচন হবে না। বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য স্পষ্ট। বিএনপি উত্পাদনের জন্য রাজনীতি করে অন্যদিকে আওয়ামী লীগ সন্ত্রাস, হত্যা, খুন, গুম ও দুর্নীতির রাজনীতি করে।ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম মজুমদারের হত্যার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দেশের কী অবস্থা। এটা কী রাজনীতি। এ সরকার প্রতিনিয়ত মানুষ হত্যা ও খুন-গুম করছে বলে তিনি দাবি করেন। ইলিয়াস আলী ও চৌধুরী আলম গুম হওয়ার ঘটনা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সরকার দেখে দেখে বিএনপির ভালো সংগঠক ও নেতাদের হত্যা করছে। জ্বালানি তেলের দাম বাড়ানো ও বিদ্যুতের কয়েক দফা দাম বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ এলে সবকিছুরই দাম বাড়ে। মানুষ এখন ডিমও খেতে পারে না। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছুর দাম বাড়বে। এখন বেঁচে থাকা অসহনীয়, বেঁচে থাকারই উপায় নেই।মির্জা ফখরুলের গ্রেপ্তারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘এ সরকার একটার পর একটা মিথ্যা মামলা দিচ্ছে। কিন্তু আমরা কখনো এরকম করিনি। তাঁদের মহাসচিব জলিল সাহেব ট্রাম কার্ডের কথা বলেছিলেন, নাসিম সাহেব লাঠি মিছিল করেছিলেন। আমরাতো তাঁকে জেলে দিতে পারতাম। লগি-বৈঠা দিয়ে মানুষ মারা ও গান পাউডার দিয়ে বাসে আগুন লাগিয়ে মানুষ মারা—এসবের জন্য শেখ হাসিনাকে হুকুমের আসামি করা যেত।’ এসময় বিএনপি ও আওয়ামী লীগকে দেশের জন্য একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।