আলোচনার জন্য দ্বার উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার ইস্যুতে বিরোধী দল বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিক অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তাই আলাপ-আলোচনার জন্য আমাদের দ্বার সবার জন্য উন্মুক্ত।আজ শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত মানববন্ধনে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধীদের বিচার দাবি এবং বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোড়াও এবং দেশবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘আসুন খোলা মনে আলোচনা করে সমস্যার সমাধান খুঁজে বের করি।’ তিনি বলেন, সড়ক, নৌ ও আকাশপথ বন্ধ করার হুমকি দিলে সমস্যার সমাধান হবে না। কারণ, আওয়ামী লীগ ও মহাজোট সরকার হুমকিতে ভীত নয়।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, দেশের জনগণ, বিশেষ করে নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার করতেই গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল। এ কারণে সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘যেকোনো মূল্যে বাংলার মাটিতে এদের বিচার হবেই।’সুরঞ্জিত প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী ও গণমুখী বর্ণনা করে বলেন, সব মহলই এই বাজেটের প্রশংসা করেছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদল, সাধারণ সম্পাদক আবদুল কাদের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সভাপতি এম এ করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।