একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন।আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে শারমেন এ কথা বলেন। এ সময় খালেদা জিয়া শারমেনকে বলেন, সমাধান খুঁজতে আলোচনার জন্য তিনি প্রস্তুত। এই আলোচনা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকও হতে পারে।বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা বলেন, যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি এ দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছেন। তিনি মনে করেন, দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এ জন্য গ্রহণযোগ্য নির্বাচনের উপায় খুঁজতে সব রাজনৈতিক দলকে আলোচনার কথা বলেছেন। বিএনপির চেয়ারপারসন তাঁকে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের আলোচনায় তাঁর দল প্রস্তুত আছে।বৈঠকে বিএনপির পক্ষ থেকে শারমেনের কাছে বিরোধী দলের ওপর সরকারি দলের দমন-নিপীড়নের কথা তুলে ধরা হয়। এ ছাড়া দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খালেদা জিয়া বাংলাদেশে আরও বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দীন আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা উপস্থিত ছিলেন।