আলোচনার জন্য বিরোধী দলের সাড়ার অপেক্ষায় সরকার
রাজনৈতিক সমস্যা সমাধানে আলোচনায় বসার বিষয়ে অচিরেই বিরোধী দলের সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।বিরোধী দলের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাড়া পেলে আনুষ্ঠানিক আলোচনায় বসব। রাজনৈতিক সমাধানের একমাত্র পথ আলোচনা; বিকল্প কোনো পথ নেই। যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা যেন শুরু হয়। যত তাড়াতাড়ি এর সুরাহা হয়, গণতন্ত্র ও জাতির জন্য তা তত মঙ্গলজনক।’ আলোচনার জন্য বিরোধী দলকে কবে নাগাদ প্রস্তাব দেওয়া হবে—জানতে চাইলে সৈয়দ আশরাফুল বলেন, ‘প্রধানমন্ত্রী ইতিমধ্যে আলোচনার জন্য সংসদে দাঁড়িয়ে প্রস্তাব দিয়েছেন। এর চেয়ে বড় আনুষ্ঠানিক প্রস্তাব আর হতে পারে না। তারা আমাদের সঙ্গে কবে যোগাযোগ করবে, আমরা সে অপেক্ষায় রয়েছি। আমরা অপেক্ষায় আছি কোন বিষয়ে আলোচনা করব, কোথায় আলোচনা হবে। এ ছাড়া আলোচনা যে চলছে না, তা-ও কিন্তু নয়। আলোচনা রাজনীতির একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের সব সময় কথা হয়; শুধু আনুষ্ঠানিকভাবে বসা হয়নি। আশা করি, অচিরেই সাড়া পাব; আর সাড়া পেলে আনুষ্ঠানিক আলোচনায় বসব।’ আগামী নির্বাচনে সবাই অংশ নেবে—এমন আশাবাদ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সবাইকে নিয়ে আগামী নির্বাচনে যাব।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানসহ অন্যদের নির্বাচনী ফর্মুলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সৈয়দ আশরাফুল বলেন, ‘আকবর আলির বাংলাদেশের রাজনীতিতে কোনো অবদান নেই। সে তো রাজনীতি করেনি। বুদ্ধিজীবীদের নিয়ে বুদ্ধিজীবীরাই থাকুক।’ রাজনৈতিক সমস্যার সমাধানে রাজনীতিকদেরই মূল দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, ‘আমরা রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাই, কীভাবে রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করা যায়। এখানে আকবর আলি যদি কোনো সহযোগী ভূমিকা পালন করেন, তাহলে তাঁকে অবশ্যই স্বাগত জানাব।’বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়েছে। আগে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে তেমন কোনো সাড়া পেত না। এখন ঘটনা-দুর্ঘটনা যা-ই ঘটুক, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম হয়। বিশ্বের গণমাধ্যমগুলোতে বাংলাদেশের গুরুত্ব আরও দৃঢ় হচ্ছে বলেও মন্তব্য করেন আশরাফ। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়। এখন বিদেশ থেকে সাহায্যের দরকার হবে না, আমাদের সম্পদ দিয়েই দেশকে এগিয়ে নিতে পারব। আগামী পাঁচ বছরে বাংলাদেশের জন্য কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন হবে না।’ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি ধরে রাখার আহ্বান জানান তিনি।