আলোচনার পথ বন্ধ করে দিল সরকার: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি মনে করে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধনসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায়। বিরোধী দলকে এই ইস্যুতে আলোচনার আহ্বান কেবল লোক দেখানো।আজ সোমবার মন্ত্রিসভায় সুপারিশ অনুমোদনের পর প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, মন্ত্রিসভা সুপারিশ একতরফাভাবে অনুমোদন করেছে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিরোধী দলের প্রস্তাব দেওয়ার দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চেয়েছে। এটা এখন প্রমাণিত। বিএনপিকে আলোচনার জন্য প্রস্তাব দেওয়া আহ্বান কেবল লোক-দেখানো, মন-ভোলানো। এখানে আন্তরিকতার কোনো ছাপ ছিল না।মওদুদ আহমদ বলেন, বিএনপির সামনে এখনো কঠোর আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। কেননা, বিএনপি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেবে না।স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, সরকার যা করেছে, তা পূর্ব পরিকল্পনারই অংশ। তারা যা করতে চেয়েছে, তাই করেছে। বিরোধী দলের প্রতি আলোচনার আহ্বানে তাদের কোনো আন্তরিকতা ছিল না। তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মৌলিক কাঠামো ঠিক করে আলোচনার প্রস্তাব দিয়েছিল। অথচ সরকার বিষয়টি আমলে নেয়নি। বিএনপিকে ভোটের অধিকার সংরক্ষণের জন্য আন্দোলনে নামতে হবে।স্থায়ী কমিটির আরেক সদস্য মাহাবুবুর রহমান বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে একটি প্রস্তাব তুলে ধরেছিলেন। বিরোধী দলের নেতার প্রস্তাবের প্রতি ন্যূনতম শ্রদ্ধা সরকার দেখায়নি। বিএনপি এটা আশা করেনি। এ ব্যাপারে করণীয় শিগগিরই দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। তবে সরকার যে অবস্থান নিয়েছে, তাতে আন্দোলন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলেই মনে হচ্ছে।