আলোচনার পরিবেশ হলে সংলাপের বিষয়ে চিন্তা: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমাদের সবক দেবেন না। আমরা সংঘাত করি না। আপনাদের সংঘাতের বাঁকা পথ পরিহার করতে হবে। তা হলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে। তখন সংলাপের বিষয়ে চিন্তা করা হবে।’বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি ও নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এর আয়োজন করে।প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সকালে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তখন তিনি সাংবাদিকদের মাধ্যমে বিরোধী দল বিএনপির উদ্দেশে বলেন, ‘সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের আগে আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সহায়তা করুন। আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ। ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে কখনো দাবি আদায় করা যায় না। কারণ, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি প্রত্যাশা করে।’ এর জবাবে খন্দকার মোশাররফ এ কথা বলেন।বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ কিছু দিন পর পর যে আলোচনার কথা বলে তা ছলচাতুরী। মানুষকে বিভ্রান্ত করার জন্য তাঁরা আলোচনার কথা বলেন। তিনি বলেন, আলোচনা চাইলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এর এজেন্ডা। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যদি সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান, তা হলে আমরা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ তাঁরা দেননি।’খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিরোধী দলের নেতাদের কারাগারে রেখে বিএনপি আলোচনায় যাবে, তা হতে পারে না। তাই আগে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘রাষ্ট্রযন্ত্র যেভাবে বিরোধী দলের বিপক্ষে ব্যবহার করছেন, তা বন্ধ করতে হবে। বিরোধী দলের নেতাদের মুক্তি দিতে হবে। মামলা প্রত্যাহার করতে হবে।’নিখোঁজ ইলিয়াস আলী প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য দিয়েছিলেন, আমরা আশান্বিত হয়েছিলাম ইলিয়াস আলী সরকারের কাছে আছেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কথায় তা প্রমাণিত হয়েছিল। আমরা আশা করছি, ইলিয়াস আলী সরকারের কাছে আছেন। তাঁকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।’