আলোচনার প্রস্তাব দিয়েছেন গাদ্দাফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মগোপনে থাকা লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তাঁর এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে গাদ্দাফি বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন। ওই মুখপাত্র টেলিফোনে একটি বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছেন। মুখপাত্র জানান, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে বিদ্রোহীদের সঙ্গে এ আলোচনায় নেতৃত্ব দেবেন গাদ্দাফির ছেলে সাদি।লিবিয়ার বিদ্রোহীরা বর্তমানে রাজধানী ত্রিপোলির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। ত্রিপোলির পতনের পর থেকেই গাদ্দাফি আত্মগোপনে আছেন। গাদ্দাফি এখনো ত্রিপোলিতে লুকিয়ে আছেন বলে বিদ্রোহীরা ধারণা করছে। তবে গাদ্দাফি তাঁর ছেলেদের নিয়ে আলজেরিয়ায় পালিয়ে গেছেন বলে খবর বেরিয়েছে। এদিকে লিবিয়ার সদস্যপদ ফিরিয়ে দিয়েছে আরব লীগ। গতকাল শনিবার লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে স্বীকৃতি দিয়ে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার এ ঘোষণা দেয় আরব লীগ। বিক্ষোভকারীদের ওপর গাদ্দাফি বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে দেশটির সদস্যপদ স্থগিত করে আরব লীগ। বিবিসি ও আল জাজিরা।