আলোচনার প্রস্তাব সরকারের সাজানো নাটক: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের আলোচনার প্রস্তাব সাজানো নাটক। সরকারকে বিদায় করতে বিএনপিকে এখন প্রস্তুতি নিতে হবে।আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে দলের এক সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি নেতা-কর্মীদের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ ও হরতাল সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান। হরতালের পূর্বপ্রস্তুতি হিসেবে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।মির্জা ফখরুল বলেন, গুলি করে মানুষ হত্যা করে পঁচাত্তরের বাকশালী সরকারও ক্ষমতায় থাকতে পারেনি। যত নির্যাতনই করুক না কেন এই সরকারের শেষ রক্ষা হবে না।এদিকে হরতালের সমর্থনে আজ রাজধানীর বিভিন্ন থানায় মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এর মধ্যে পুরান ঢাকার রথখোলা মোড় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল শুরু হয়ে বিসিসি রোডের বটতলার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে কাজী আবুল বাশারসহ স্থানীয় নেতারা নেতৃত্ব দেন।স্থানীয় নেতা হারুন অর রশিদের নেতৃত্বে সূত্রাপুর থানা বিএনপি একটি মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে মিঠু নামের বিএনপির এক কর্মীকে আটক করা হয়।মুগদা থানা বিএনপির একটি মিছিল মানিকনগর পুকুরপাড় থেকে শুরু হয়ে বিশ্ব রোডে পৌঁছালে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।