আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচি সামনে রেখে হেফাজতে ইসলামের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে তাদের দাবিগুলো সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে। সরকার মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদের প্রতিরোধ বা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা ঠিক হবে না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী সরকারের শীর্ষ পর্যায়।সরকারের একাধিক মন্ত্রী ও নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে, হেফাজতে ইসলামের বেশ কিছু দাবি মেনে নেওয়ার ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে শাহবাগের গণজাগরণ মঞ্চসহ ইসলামবিরোধী ব্লগ বন্ধ এবং তদন্ত সাপেক্ষে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। এরই মধ্যে সরকার যেসব ব্যবস্থা নিয়েছে, তা জানাতে আজ মঙ্গলবার দুপুরে আইনমন্ত্রী শফিক আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যৌথ সংবাদ সম্মেলন করবেন।সরকারি সূত্রমতে, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রচলিত আইন কী, তা জানাবেন আইনমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী ব্লগ বন্ধ করার ব্যাপারে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপগুলো উপস্থাপন করবেন। এ ছাড়া নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে ধর্ম অবমাননা-সম্পর্কিত অধ্যায়টি সংশোধন করার বিষয়টিও তুলে ধরা হবে।সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি প্রতিস্থাপন; ধর্মের অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাস করা; আল্লাহ, রাসুল ও ইসলামি অনুশাসনের বিরুদ্ধে কটূক্তিকারী কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।এই কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় সরকারের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। দুই দিন ধরে সরকার দফায় দফায় বৈঠক করছে। বৈঠক করা হয়েছে হেফাজতে ইসলামের সঙ্গেও। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ গত রোববার চট্টগ্রামে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির সঙ্গে বৈঠক করেন। আগের দিন জেলা প্রশাসক ও পুলিশ সুপারও আল্লামা শাহ আহমদ শফির সঙ্গে বৈঠক করেন। তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।সরকারি সূত্র জানায়, হেফাজতে ইসলামের সঙ্গে আলোচনায় বনমন্ত্রীর পাশাপাশি অন্য নেতাদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে যুক্ত করা হতে পারে।উচ্চপর্যায়ের বৈঠক: হেফাজতে ইসলামের দাবিদাওয়াসহ বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে গতকাল সোমবার সচিবালয়ে কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা বৈঠক করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে হেফাজতের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সরকারের উচ্চপর্যায়ে কথা বলে জানা যায়, সরকার বিএনপি-জামায়াতের বাইরে কোনো ধর্মভিত্তিক দল বা সংগঠনের সঙ্গে বিরোধে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তা ছাড়া ধর্মীয় বিষয়ের মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে বাড়াবাড়ি বা জেদাজেদিতে না যাওয়ার পক্ষে সরকারের নীতিনির্ধারকেরা। নির্বাচন সামনে রেখে বিষয়টি দ্রুত সমাধান চান তাঁরা।সরকারের কাছে তথ্য আছে, হেফাজতে ইসলামের কর্মসূচিতে বড় রকমের লোকসমাগম ঘটতে পারে। বিএনপি ও জামায়াতের সহায়তায় তা সহিংসতায় রূপ নিতে পারে। এ অবস্থায় কারও প্রাণহানি ঘটলে দায়ভার সরকারকেই নিতে হবে। তা ছাড়া এসব ধর্মীয় সংগঠনের আন্দোলনের সুবিধা বিএনপি-জামায়াত নিতে পারে বলে মনে করে সরকারের উচ্চপর্যায়। তাই সর্বোচ্চ ছাড় দিয়ে হেফাজতে ইসলাম ও সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতায় আসার পক্ষে সরকার।জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমরা সংঘাতময় পরিস্থিতি চাই না। আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি, সমাধান হবে।’স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং: গতকাল সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, রাজশাহীসহ সারা দেশে মৌলবাদীদের মূলোৎপাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমান সমস্যা রাজনৈতিক। তাই রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীতে নিরপরাধ পুলিশের ওপর মৌলবাদী ও সন্ত্রাসীদের হামলা আমাদের ব্যথিত করেছে। যারা দেশের পুলিশ বাহিনীর সদস্যদের বিনা উসকানিতে আক্রমণ করতে পারে, তারা দেশের শত্রু, জনগণের শত্রু।’হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে মহীউদ্দীন খান বলেন, ‘আমরা একমত হয়েছি, শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাদের লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সংগঠকদের দৃষ্টি আকর্ষণ করছি।’এর আগে প্রায় চার ঘণ্টা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে মহীউদ্দীন খান আলমগীর, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও বাংলাদেশ বাস মালিক সমিতির সভাপতি এনায়েতুল্লাহ খান বৈঠক করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈঠক শেষ হয়।