আলোচনার মাধ্যমে বুয়েটের সমস্যা সমাধানের আহ্বান
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যেসব ঘটনাকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হয়েছে বা মতভেদ দেখা দিয়েছে—তা শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার মতো বিষয় নয়। এগুলো সম্পূর্ণ প্রশাসনিক কতগুলো পদক্ষেপের বিষয়।আজ শুক্রবার এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য এবং শিক্ষক সমিতির সঙ্গে তিনি পৃথকভাবে কথা বলেছেন। তিনি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে প্রশাসনিক সমস্যাগুলো সমাধান করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী ছাত্রছাত্রীরা বুয়েটে পড়ালেখা করে এবং মেধাবী, আধুনিক প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি জ্ঞানে অভিজ্ঞ শিক্ষকেরা তাদের শিক্ষা দেন। সারা দেশে এ বিদ্যাপীঠটির ভাবমূর্তি আপন কৃতিত্বে সমুজ্জ্বল। একটি দিনের জন্য ক্লাস বন্ধ হলেও তাতে এ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অপূরণীয় ক্ষতি হয়। এটা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ দেশের আপামর জনসাধারণের জন্য কাম্য নয়। উল্লেখ্য, ৭ এপ্রিল থেকে বুয়েট শিক্ষক সমিতির ডাকে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন।