আলোচনার মাধ্যমে সমাধানে একমত দুই দেশ
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে দুই নেতা একমত হন বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।আজ শনিবার সকালে প্রায় পৌনে এক ঘণ্টার ওই বৈঠক শেষে ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। এক সপ্তাহের সফর শেষে বেলা তিনটা পাঁচ মিনিটে তিনি ঢাকা এসে পৌঁছান।এর আগে মারুফ কামাল খান দিল্লি থেকে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, বৈঠকে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। খালেদা জিয়ার প্রেস সচিব জানান, অত্যন্ত উষ্ণ, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক হয়েছে। ভারতের রাষ্ট্রপতিও বাঙালি, তাই বৈঠকে বেশির ভাগ কথাই হয়েছে বাংলায়। মারুফ কামাল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সমমর্যাদার ভিত্তিতে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। দুদেশের গরিব মানুষের জন্য উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও খালেদা জিয়ার সঙ্গে একমত পোষণ করেন। মারুফ কামাল বলেন, প্রণব মুখার্জি বলেছেন, প্রতিবেশী দুই দেশ একসঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই থাকতে চায়। এ ছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য ঘাটতিসহ বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে জানান খালেদা জিয়ার প্রেস সচিব।ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশটির অর্থমন্ত্রী থাকাকালে বাংলাদেশ সফরে এসে বিরোধীদলীয় নেতাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে গত রোববার এক সপ্তাহের সফরে দিল্লি পৌঁছান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।এই সফরে খালেদা জিয়া দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছাড়াও প্রধানমন্ত্রী মনমোহন সিং, বিরোধীদলীয় নেতা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তবে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর কোনো সাক্ষাত্ হয়নি।জাতীয় নির্বাচনের এক বছর আগে পার্শ্ববর্তী এই দেশটিতে খালেদা জিয়ার সফর এবং সেখানে গিয়ে ভারত বিষয়ে খালেদা জিয়ার নতুন অবস্থান দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে।