আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস শ্রমমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নতুন মজুরি কাঠামো নিয়ে যদি কোনো বৈষম্য হয়ে থাকে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আজ রোববার মন্ত্রণালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে আলোচনার পর শ্রমমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি শান্ত রাখুন। বিষয়টি নিয়ে এখনো আলোচনার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, নতুন মজুরি কাঠামো গত নভেম্বর থেকে কার্যকর হয়েছে। যদি সেটা কোথাও কার্যকর না হয়, সেটাও আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।তবে কেউ গাড়ি ভাঙচুর বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। চট্টগ্রামে একজন শ্রমিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, বেপজার প্রতিনিধিদল সেখানে গেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।শিল্প পুলিশ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিল্প পুলিশ মাত্র গঠিত হয়েছে, আশা করি ১৫ দিনের মধ্যে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে।