বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে প্রতিবেশী দুই দেশের সমুদ্রসীমার বিরোধ মেটানো সম্ভব।গতকাল শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিল্লির এ মনোভাবের কথা জানালেন পঙ্কজ শরণ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় বাংলাদেশের জয় সম্পর্কে জানতে চাইলে পঙ্কজ শরণ বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের জয়ে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান পঙ্কজ শরণ।ভারত বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ আলোচনার মাধ্যমে মেটাতে চায় কি না জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি নিশ্চিত, এটা করা সম্ভব। প্রতিবেশীদের সঙ্গে যেসব বিষয় নিয়ে কথা হয়, তার সব আলোচনার টেবিলে রয়েছে। আমাদের দুই দেশের মধ্যে আলোচনার সুষ্ঠু পরিবেশ রয়েছে। আমরা এই পরিবেশ বজায় রাখতে চাই।’আলোচনার মাধ্যমে সমুদ্রসীমার বিরোধ মেটানো সম্ভব—পঙ্কজ শরণ সাংবাদিকদের কাছে এ মন্তব্য করলেও মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও হাইকমিশনার বলেছেন, দুই দেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া সালিসি আদালতে যথাযথ প্রক্রিয়া অনুসারে এগোচ্ছে।ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির মামলাটি এখন নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত স্থায়ী সালিস আদালতে (পিসিএ) বিবেচনাধীন। ২০১৪ সালে এ মামলার রায় দেওয়ার কথা রয়েছে।এদিকে সাংবাদিকেরা তিস্তার পানি বণ্টন চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পঙ্কজ শরণ বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট উত্তর দিতে চাই না। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটি আমার প্রথম সৌজন্য সাক্ষাৎ। এই প্রক্রিয়ায় সব বিষয় নিয়ে আলোচনা করেছি।’সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল অনুসমর্থনের জন্য ভারতের লোকসভার বাজেট অধিবেশনে উত্থাপিত হবে কি না জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘আমরা আমাদের আলোচনায় দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে কথা বলেছি।’এদিকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দীপু মনি বৈঠকে এ আশাবাদ করেছেন যে তিস্তা চুক্তি, সীমান্ত প্রটোকল বাস্তবায়নসহ অমীমাংসিত বিষয়গুলোর শিগগিরই সমাধান হবে। পঙ্কজ শরণ পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা বলে আশ্বস্ত করেছেন যে পারস্পরিক উন্নয়নের স্বার্থে ভারত এগুলোসহ বিভিন্ন বিষয়ের দ্রুত সমাধানে বদ্ধপরিকর। সংবাদ সম্মেলন স্থগিত: পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির গতকালের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়। গতকাল সন্ধ্যা ছয়টায় এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর ঘণ্টা খানেক আগে তা বাতিল করার তথ্য জানানো হয়।মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম তাঁর মুঠোফোন থেকে খুদে বার্তায় (এসএমএস) জানান, ‘অনিবার্য কারণবশত’ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে জনসংযোগ কর্মকর্তা বলেন, সংবাদ সম্মেলন কাল সোমবার হতে পারে।প্রসঙ্গত, জার্মানিতে ১৪ মার্চ সমুদ্রসীমা নিষ্পত্তির মামলার রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন দীপু মনি। ওই সফর শেষে গত শুক্রবার সকালে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি তিনি। সংগত কারণেই এ বিষয়টি ছিল গতকালের নির্ধারিত সংবাদ সম্মেলনের প্রধান বিষয়। এ ছাড়া দীপু মনির প্রস্তাবিত সৌদি আরব সফরের বিষয়টিও ওঠার সম্ভাবনা ছিল। রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম এ প্রতিবেদককে জানিয়েছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকায় দীপু মনির সফরটি এখনো চূড়ান্ত হয়নি। জার্মানি যাওয়ার আগে দীপু মনি সাংবাদিকদের বলেছিলেন, হামবুর্গ থেকে দেশে ফেরার পথে তিনি রিয়াদ যাবেন।