চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
আলোচনার লক্ষণ নেই, উপাচার্য ও ছাত্রলীগ নিজ অবস্থানে অনড়
টানা দুই সপ্তাহ পার হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ক্লাস ও কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে না। কড়া পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক-বাস চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষকের উপস্থিতি নেই বললেই চলে।১৬ এপ্রিল হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আসাদুজ্জামান হত্যার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।বিশ্ববিদ্যালয়ে সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আলোচনা করে সমঝোতা প্রতিষ্ঠার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার সুযোগ থাকলেও কর্তৃপক্ষ সেই পথে যাচ্ছে না। উপাচার্য ও ছাত্রলীগ নিজ নিজ অবস্থানে অনড়।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন গাজী সালেহ উদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, আন্দোলনের কারণে ছাত্র-শিক্ষকদের মধ্যে এক ধরনের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে এই আস্থাহীনতা দূর হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জমান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ভিসি স্যারকে টেলিফোন করে বলেছি যে শুধু পুলিশ নয়, আর্মি দিয়েও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না। সংকট দূর করতে হলে সমঝোতা দরকার।’অভিযোগ আছে, মেয়রবিরোধী বলে পরিচিত আওয়ামী লীগের একটি অংশ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী প্রগতিশীল শিক্ষকেরা পরোক্ষভাবে আন্দোলনকারীদের সহায়তা দিচ্ছেন। এতে চট্টগ্রামের একজন প্রতিমন্ত্রীর ভূমিকার কথাও বলা হচ্ছে। তবে তাঁদের কেউ প্রকাশ্যে আসছেন না।আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, আওয়ামী লীগ-সমর্থক এই উপাচার্য পদ ধরে রাখতে ক্যাম্পাসে ছাত্রশিবিরকে নিরাপদে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন। অন্যদিকে ছাত্রলীগকে দুর্বল করতে বেছে বেছে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। এ কারণে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে।উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা সন্ত্রাসী ও চাঁদাবাজ। এঁরা ছিনতাই, হামলাসহ অনেক মামলার আসামি। এঁদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।’ তিনি বলেন, ‘ছাত্রশিবিরের যাঁরা ছাত্রাবাসে আছেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। এঁদের তাড়িয়ে ছাত্রলীগ নামধারী অছাত্রদের হলে তুলে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’স্থবিরতা কেন: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের ছাত্র-শিক্ষক ও প্রশাসনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আসাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও ছাত্রলীগের সঙ্গে উপাচার্য আবু ইউসুফের আগের বিরোধ থেকেই এ অচলাবস্থার সূত্রপাত। কারণ, আওয়ামী লীগ-সমর্থিত একজন উপাচার্যের কাছ থেকে ছাত্রলীগ যে ধরনের সুযোগ-সুবিধা আশা করেছিল, তা তারা পায়নি। বরং উপাচার্যের কিছু কিছু সিদ্ধান্ত ছাত্রলীগের বিপক্ষে গেছে।প্রশাসন সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি আবু ইউসুফ উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। এর এক মাসের মধ্যেই তিনি ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ রক্ষা ও সেশনজট কমাতে এটা করা হয়।তবে ছাত্রলীগের নেতারা মনে করেন, জামায়াত-শিবিরকে সুবিধা দিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, ক্যাম্পাসে সভা-সমাবেশ হলে ছাত্রলীগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। এতে শিবিরের আধিপত্য খর্ব হতে পারে। জানা যায়, ছাত্রলীগের অভ্যন্তরীণ মারামারির কারণে গত বছরের ১৯ মার্চ উপাচার্য ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সহসভাপতি আসহান সিদ্দিকসহ তাঁর পক্ষের সাত নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করেন। সে থেকে গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মেয়াদে ছাত্রলীগের মোট ১৭ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে জায়েদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েলসহ তিনজনের ছাত্রত্ব চিরতরে বাতিল করা হয়। ছাত্রলীগের এসব নেতা-কর্মীর বিরুদ্ধে ছিনতাই, রাহাজানি, মারামারিসহ নানা অভিযোগ আছে। একের পর এক ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়ায় ছাত্রলীগের একটি অংশের সঙ্গে উপাচার্যের দূরত্ব সৃষ্টি হয়। অন্য অংশ নানা সুযোগ-সুবিধা নিয়ে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়।দলীয় সূত্র জানায়, দুই বছর মেয়াদি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হয়েছিল ২০০৪ সালে। ছয় বছরে আর সম্মেলন হয়নি। এ কারণে অছাত্র ও সুযোগসন্ধানীরাই এখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে। ছাত্রলীগের যে অংশটি এখন উপাচার্যবিরোধী আন্দোলন করছে, তারা মেয়রের অনুগত ছিল। আন্দোলন শুরুর পর এখন তারা আর মেয়রের কথা মানছে না। উপাচার্য নিজেও বিষয়টি স্বীকার করেন। এ প্রসঙ্গে উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘মেয়র সাহেব তাঁদের ডেকে নিয়ে ভাত খাইয়েছেন আবার বকাঝকাও করেছেন। কিন্তু তাঁরা এখন মেয়র সাহেবের কথা শুনছেন না। তাই মেয়র সাহেব তাঁদের বাসা থেকে তাড়িয়ে দিয়েছেন। এ জন্য তাঁরা অন্যত্র আশ্রয় খুঁজছেন।’দ্বিধাদ্বন্দ্বে প্রশাসন: বিশ্ববিদ্যালয় অচলকারীরা ছাত্রলীগের হওয়ায় এবং এদের পেছনে আওয়ামী লীগের একটি অংশের ইন্ধন থাকায় পুলিশ প্রশাসনও আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধাদ্বন্দ্বে আছে। তবু মেয়রের চাপের মুখে নগর ও জেলা পুলিশ প্রশাসন ক্যাম্পাসমুখী বাস-ট্রেনের জন্য অতিরিক্ত পুলিশি পাহারার ব্যবস্থা করেছে।পুলিশ সূত্র জানায়, মেয়র গত রোববার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাঁর দপ্তরে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়গামী বাস-ট্রেনে পুলিশের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন। আন্দোলনরত ছাত্রলীগ নামধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তিনি। এর আগে মেয়র চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, নগর পুলিশের কমিশনার, রেলপুলিশের সুপার এবং জেলা পুলিশের সুপারকেও একই পরামর্শ দেন। কিন্তু আন্দোলনকারীরা ছাত্রলীগের হওয়ায় পুলিশ কঠোর অবস্থানে যাচ্ছে না বলে জানা যায়।এ পরিস্থিতিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গত মঙ্গলবার সকালে তাঁর দপ্তরে রেলপুলিশের সুপার হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ এবং নগর পুলিশের উপকমিশনার বনজ কুমার মজুমদারের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে জেলা কিংবা নগরের আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়।সেশনজটের আশঙ্কা: বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের প্রতিটিই এখন নিয়মিত শিক্ষা বছরের তুলনায় এক থেকে দেড় বছর পিছিয়ে আছে। বর্তমান অবস্থার কারণে বিভিন্ন বিভাগে সেশনজট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সহ-উপাচার্য মো. আলাউদ্দীনও বিষয়টি স্বীকার করেন।