আলোচনার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যেভাবে আছে, সেভাবেই বহাল রাখার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ নিয়ে সরকারের সঙ্গে বা সংসদে গিয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।আদালতের রায় অনুসারে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার সুযোগ নেই—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বিএনপির অবস্থান তুলে ধরেন। বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলন ডাকা হলেও তা শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়।বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার বিতর্কিত এক রায়ের ছুতা ধরে বলছে, তত্ত্বাবধায়ক সরকার- পদ্ধতি বহাল রাখার কোনো সুযোগই নেই। আবার বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিরোধী দলকে সংসদে গিয়ে মতামত দেওয়ারও আহ্বান জানানো হচ্ছে। কিন্তু কোনো সুযোগই যদি না থাকে, তাহলে বিরোধী দলের মতামত দিয়ে লাভ কী? তিনি বলেন, আদালতের রায় মানা সংসদের জন্য বাধ্যতামূলক নয়।সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, সরকারের অবস্থানের কারণে আলোচনার কোনো প্রয়োজন নেই। আলোচনা মানে সময়ক্ষেপণ। সংসদে যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিল আনা হয়, সেখানে বিএনপির আলোচনা করার প্রয়োজন কী? আলোচনা করতে প্রধানমন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী একেক সময় একেক কথা বলেন।সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হলে বা চেষ্টা চালানো হলে বিএনপি কঠোর ও টানা আন্দোলন কর্মসূচি দেবে। তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপচেষ্টার পরিণাম ও পরিণতি সম্পর্কে সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এর মাধ্যমে সরকার দেশকে গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।বিরোধীদলীয় নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কারণে এক-এগারো আসেনি। এটা ছিল দীর্ঘ পরিকল্পনার অংশ। এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল।তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ব্যবস্থা বহাল থাকলে বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রধান উপদেষ্টা হওয়ার কথা। তাহলে বিএনপি কেন তাঁকে মানবে না, এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বিচারপতি খায়রুল হক নিরপেক্ষ নন। আমি ও ড. ইউনূস এই বিচারপতির কাছ থেকে ন্যায়বিচার পাইনি। তা ছাড়া কয়েকজন বিচারপতির জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাঁকে প্রধান বিচারপতি করা হয়েছে। এতে বুঝতে বাকি থাকে না যে সরকার কী উদ্দেশ্যে এটা করেছে।’ তিনি সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারেরও বিরোধিতা করেন।হরতাল প্রত্যাহারে এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে খালেদা জিয়া বলেন, ‘কোনো ব্যবসায়ী সংগঠন নয়, বলুন, একজন ব্যবসায়ী এমন কথা বলছেন। যে ব্যবসায়ী এ কথা বলছেন, তিনি তো আওয়ামী লীগের ক্যাডার। তাঁর কথায় কী যায় আসে।’বিএনপির চেয়ারপারসন গতকালও মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলেন। তিনি বলেন, এখনই সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। এরপর সবার মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ ও নির্বাচন কমিশনের পুনর্গঠনের মাধ্যমে নির্বাচন দিতে হবে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে আদালতের দেওয়া রায়ের ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার করতে গিয়ে খালেদা জিয়া বলেন, সংবিধান সংশোধনের এখতিয়ার সংসদের, আদালতের নয়। এ রায় বিচারপতিদের সর্বসম্মতিতে হয়নি। সংখ্যাগরিষ্ঠ জনগণ এ রায়ের বিপক্ষে। এটা বিতর্কিত, যুক্তিহীন ও দুর্বল রায়। যে বিচারপতির নেতৃত্বে এ রায় দেওয়া হয়েছে, তিনি বিতর্কিত হয়ে পড়েছেন। তা ছাড়া এই রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আরও দুই মেয়াদে রাখতে বলা হলেও আওয়ামী লীগ সরকার এখন তা এড়িয়ে যাচ্ছে।খালেদা জিয়া আজকের হরতালের যৌক্তিকতা তুলে ধরে বলেন, দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচনের উদ্যোগের বিরুদ্ধে ও জনগণের ভোটাধিকার রক্ষার জন্য এ হরতাল দেওয়া হয়েছে। এই হরতাল ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়। এটা জাতীয় স্বার্থে। তাই হরতালে সবাইকে শরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।প্রসঙ্গত, এর আগে বিএনপির ডাকা হরতালগুলো হয়েছে মূলত খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষা এবং তিনি ও তাঁর দুই ছেলের মামলা প্রত্যাহারের দাবিতে।