আলোচনায় ক্ষুদ্র বিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনে কতটা সহায়ক, সেই প্রশ্ন এখন আর সেভাবে উত্থাপিত হয় না। বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্রঋণের কার্যপ্রণালি নিয়ে বিতর্ক দেখা দিলেও অভাবগ্রস্ত মানুষের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ দিয়ে উন্নয়ন অর্থনীতিতে নতুনত্বের যে চমক নিয়ে এসেছে, ক্ষুদ্রঋণের অনেক সমালোচকও সেটা মেনে নিয়েছেন। ক্ষুদ্রঋণের আপাত সেই সাফল্যই এখন ক্ষুদ্র বিমার পথে অগ্রসর হতে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করছে। এবং বিশ্বের বেশ কয়েকটি উন্নয়নশীল দেশে সেই ধারণার প্রয়োগে সাহায্য করতে যেসব সংস্থা এগিয়ে এসেছে, সেই তালিকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কথাও উল্লেখযোগ্য। হ্যানয়ে চলমান এডিবির ৪৪তম বার্ষিক সম্মেলনের শেষ দিনে গতকাল শুক্রবার একাধিক সেমিনারের একটির আলোচ্য বিষয় ছিল ক্ষুদ্র বিমা। সাবেক মার্কিন প্রেডিসেন্ট বিল ক্লিনটন এ সেমিনারের জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।আকস্মিক অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যান্য কারণে ফসলের ক্ষতি হলে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আনুষ্ঠানিক ঋণপ্রাপ্তি অল্প কিছুদিন আগেও যেমন দরিদ্র জনগোষ্ঠীর ধরাছোঁয়ার বাইরে ছিল, একইভাবে বিমার সুবিধা এখন পর্যন্ত তাদের অনেকের কাছে অবাস্তব এক ধারণা হিসেবে বিরাজমান। ফলে শারীরিক অসুস্থতা, খরা কিংবা অতিবৃষ্টিতে শস্যের ফলনে ধস নামা অথবা গবাদিপশুর মড়কে হঠাৎ করে অসহায় অবস্থার মুখোমুখি হওয়া দরিদ্র জনগোষ্ঠীকে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করার ক্ষুদ্র বিমার ধারণা ইদানীং বিশ্বজুড়ে ক্রমশই সম্প্রসারিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সফলভাবে পরিচালিত ক্ষুদ্রঋণ প্রকল্পের মতো ক্ষুদ্র বিমাও দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে অসহায় মানুষজনকে সাহায্য করতে পারে। একই সঙ্গে সে রকম বিমা ব্যবসায় জড়িত আর্থিক প্রতিষ্ঠানের জন্য মুনাফা অর্জনের সুযোগও তা করে দিতে পারে।এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে যে প্রায় ২০০ কোটি মানুষকে এখন দৈনিক দুই ডলারের কম আয় নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে, তাদের অধিকাংশের জন্যই বিমার কোনো সুযোগ এখনো পর্যন্ত নেই। এর প্রধান কারণ হচ্ছে, বিমা ব্যবসার ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও নজরদারি প্রক্রিয়ায় দরিদ্রদের লক্ষ্য ধরে নিয়ে পরিচালিত বিমা কর্মসূচিকে সহায়তা করার সুযোগ না থাকা। সে রকম অনিশ্চিত অবস্থায় বেসরকারি বিভিন্ন বিমা কোম্পানিগুলো দরিদ্রদের জন্য বিমা কার্যক্রম চালুতে উৎসাহ একেবারেই দেখাচ্ছে না। ক্ষুদ্রঋণ কর্মসূচির সাফল্য সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংককে ক্ষুদ্র বিমায় সহায়তা প্রদানে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে এবং সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংক ওই খাতে ৪৪ লাখ মার্কিন ডলার খরচ করেছে। এডিবির গতকালের সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা এ অঞ্চলের দারিদ্র্য মুক্তির জুতসই একটি পথ হিসেবে ক্ষুদ্র বিমা খাতে এডিবিসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনের আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্বল্প আয়ের পরিবারকে বিমার আওতায় নিয়ে আসতে বাণিজ্যিক খাতের প্রতি বিনিয়োগের আহ্বান জানানো হয়। তবে ক্ষুদ্র বিমা যেন সংকীর্ণ ব্যবসায়িক স্বার্থের পাঁকে আটকা পড়ে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টিও সেমিনারে তুলে ধরা হয়।