মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং
আলোচনায় বসে নির্বাচনের পদ্ধতি বের করার আহ্বান যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের পদ্ধতি বের করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এ আহ্বান জানান।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে কেউ কাজ করছে কি না, এমন প্রশ্নের জবাবে নুল্যান্ড বলেন, ‘ধারণা করা যায়, সেখানে মার্কিন দূতাবাস এ নিয়ে কাজ করছে। তবে কী ধরনের বিষয় বা কীভাবে তারা কাজ করছে, সে ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘দেশকে এগিয়ে নিতে, বিশেষ করে আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বড় বড় রাজনৈতিক দলকে একসঙ্গে সংলাপে বসার আহ্বান জানাচ্ছি। কারণ অচলাবস্থা উদ্বেগের বিষয় বটে।’ব্রিফিংয়ে নুল্যান্ডের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে গ্রামীণ ব্যাংক নিয়ে একধরনের টানাহেঁচড়া চলছে। এ ঘটনা বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব ফেলছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার বলতে চাইছে, ড. ইউনূসের নোবেল পুরস্কার পাওয়া উচিত হয়নি। তিনি এটা অবৈধভাবে পেয়েছেন। এখন আপনারা কি শান্তিতে নোবেল পুরস্কার ও সরকারের মধ্যে এই চলমান টানাপোড়েন দেখতেই থাকবেন?’ সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ন্যুলান্ড বলেন, ‘ড. ইউনূস ইস্যুতে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক মন্তব্য আমরা এখনো শুনিনি। তবে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মে মাসে বাংলাদেশ সফরে যান। সে সময় আমরা বাংলাদেশে অবস্থানকালে তিনি ড. ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন।’ মুখপাত্র বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিয়মিতভাবে বাংলাদেশের কাছে গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গটি তুলছেন। ওই সফরের সময় থেকে আমরাও এ বিষয়ে কথা বলে যাচ্ছি।’