আলোচনায় সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি সম্ভব: পঙ্কজ শরণ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই প্রতিবেশী দুই দেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি সম্ভব। আজ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।বাংলাদেশ ভারতের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে পঙ্কজ শরণ বলেন, ‘আমি নিশ্চিত এটা সম্ভব। প্রতিবেশীদের সঙ্গে যেসব বিষয় নিয়ে কথা হয়, তার সব আলোচনা টেবিলে রয়েছে। আমাদের দুই দেশের মধ্যে আলোচনার সুষ্ঠু পরিবেশ রয়েছে। আমরা এই পরিবেশ বজায় রাখতে চাই।’মিয়ানমারে বিপক্ষে সমুদ্রসীমার রায় সম্পর্কে পঙ্কজ শরণ বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় যেসব বিষয় রয়েছে, তা নিয়ে কাজ করতে আমি অপেক্ষায় আছি। এটাই আমার কাজের ক্ষেত্র।’তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পর্কে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট উত্তর দিতে চাই না। পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে এটি আমার প্রথম সৌজন্য সাক্ষাত্। এই প্রক্রিয়ার সব বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছি।’সীমান্তচুক্তি বাস্তবায়নে প্রোটোকল ভারতের লোকসভার চলতি অধিবেশন উঠবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের আলোচনায় দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে কথা বলেছি।’