আলোচিত
শুরুটা হয়েছিল আমাদেরই আঙিনায়। ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ঘণ্টার বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে। সমাপ্তি হলো কাল, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্রায় দেড় মাস ধরে চলা বিশ্বকাপ বর্ণাঢ্যই থাকল। থাকল অনেক দিন ধরে রোমন্থন করার মতো স্মৃতি। মনের পর্দায় উজ্জ্বল হয়ে থাকা বিশ্বকাপের সেই সব টুকরো ছবি তুলে এনেছে প্রথম আলো ক্রীড়া বিভাগটাইটাই মানে ‘গলাবন্ধ’। তবে সেটি যদি ক্রিকেট ম্যাচে, আর যদি হয় বিশ্বকাপের মতো টুর্নামেন্টে, টাই-এর মানে হয়ে যায় শ্বাসবন্ধ! এবারের বিশ্বকাপও দেখেছে সেই রুদ্ধশ্বাস উত্তেজনা। বিশ্বকাপে সবচেয়ে বেশি রোমাঞ্চ উপহার দেওয়া ইংল্যান্ডের সৌজন্যে। টাই ম্যাচে সমান কৃতিত্ব থাকে দুই দলেরই। কিন্তু তার পরও ইংল্যান্ডের সৌজন্যে বলার কারণ, ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ৩৩৯ রান তাড়া করতে গিয়ে ম্যাচটাকে টাই বানানো। শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি; গৌতম গম্ভীর ও যুবরাজ সিংয়ের ফিফটিতে ৩৩৮ করেছিল ভারত। অ্যান্ড্রু স্ট্রাউসের ১৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস ভালোমতোই জয়ের পথে নিয়ে যাচ্ছিল ইংল্যান্ডকে। শেষ ১২ বলে দরকার ছিল ২৯ রান। ৪৯তম ওভারে ১৫ রান তুলে ব্রেসনান-সোয়ানরা বুঝিয়ে দিয়েছিলেন—সম্ভব। শেষ ছয় বলে দরকার ১৪। তিন বলে উঠল ৯। শেষ তিন বলে দরকার ৫। কিন্তু উঠল ৪। বিশ্বকাপ দেখল সব মিলে চতুর্থ টাই ম্যাচ। ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সেই আলোচিত টাই। ২০০৩ বিশ্বকাপে ডাকওয়ার্থ-লুইস হিসাবের গরমিল করে শ্রীলঙ্কার বিপক্ষে আরও দক্ষিণ আফ্রিকার টাই। ২০০৭ বিশ্বকাপে টাই হয়েছিল আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি।এক জোড়া হ্যাটট্রিকআগের নয়টি বিশ্বকাপ দেখেছে পাঁচটি হ্যাটট্রিক। এবার গ্রুপ পর্বেই হ্যাটট্রিক হলো দুটো। সে দুটোও আবার টানা দুই দিন! ২৮ ফেব্রুয়ারি হল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করলেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ। ৩২তম ওভারের প্রথম দুই বলে ক্যারিবীয় ফাস্ট বোলার এলবিডব্লুর ফাঁদে ফেললেন পিটার সিলার ও বার্নার্ড লুটসকে। তৃতীয় বলে উপড়ে নিলেন বেরেন্ড ওয়েস্টডিকের উইকেট। প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে হ্যাটট্রিক করলেন বিশ্বকাপে। পরদিন হ্যাটট্রিক করেন লাসিথ মালিঙ্গা। ৪২তম ওভারের শেষ বলে তন্ময় মিশ্র, ৪৪তম ওভারের প্রথম বলে পিটার ওনগনডো, পরের বলে শেম এনগোচেকে বোল্ড করে দিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। সব মিলে এটি বিশ্বকাপের সপ্তম হ্যাটট্রিক। তিনটি হ্যাটট্রিকই শ্রীলঙ্কান বোলারদের। এর মধ্যে দুটোই মালিঙ্গার। প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে দুটো হ্যাটট্রিক করলেন মালিঙ্গা।ম্যাচ উইনার মাহমুদউল্লাহ-শফিউলধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানো বোধ হয় একেই বলে। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮-তে অলআউট হওয়ার লজ্জা। পরের ম্যাচেই ইংল্যান্ড-বধ! চট্টগ্রামে কঠিন এই কাজটা করে দেখানোর কৃতিত্ব মাহমুদউল্লাহ আর শফিউল ইসলামের। ইংল্যান্ডের ২২৫ রানের জবাবে তামিম-ইমরুল ভালো শুরু এনে দিলেও ১৬৯ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। নিশ্চিত জয় হাতছাড়া হয়ে যাওয়ার হতাশায় পুড়তে শুরু করেছিল সবাই। কিন্তু কে জানত, মাহমুদউল্লাহ-শফিউলের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি বদলে দেবে ম্যাচের রং! মাহমুদউল্লাহ অপরাজিত ২১, শফিউল অপরাজিত ২৪—অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি। গ্রায়েম সোয়ানের করা ৪২তম ওভারে ১৬ রান নেওয়াটাই ছিল টার্নিং পয়েন্ট। তৃতীয় বলে মাহমুদউল্লাহর বাউন্ডারির পর চতুর্থ আর শেষ বলে শফিউলের চার-ছক্কা। মাহমুদউল্লাহ-শফিউলের ম্যাচ উইনার হয়ে ওঠা অবিস্মরণীয় এই জয় ভুলিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে অলআউটের লজ্জা।অস্ট্রেলিয়ার বিদায়বিশ্বকাপের রং ছিল হলুদ। বিশ্বকাপ ছিল হলুদ সাম্রাজ্যের করতলে। ১৯৯৬ বিশ্বকাপ থেকে বিশ্বকাপের ফাইনালটি যেন তাদের জন্যই বরাদ্দ হয়ে গিয়েছিল। আগের ছয়টি বিশ্বকাপের পাঁচটির ফাইনালেই উঠেছিল তারা। আগের চারটি বিশ্বকাপের প্রতিটিতেই। এর মধ্যে তিনবারের টানা চ্যাম্পিয়ন। ২০০৩ ও ২০০৭-এ একটি ম্যাচও না হেরে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার নড়বড়ে চেহারা ছিল ঠিকই, কিন্তু সেটি মূলত টেস্টে। ওয়ানডেতে তারা র্যাঙ্কিংয়ের এক নম্বর দলই। বিশ্বকাপের আগে আগে ইংল্যান্ডকে ৬-১ উড়িয়েও দিয়েছে। এবারের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়া শুরু করেছিল ‘অস্ট্রেলিয়া’র মতোই। দিন যত গড়িয়েছে, নিন্দুকদের কণ্ঠস্বরও ততই ক্ষীণ হয়েছে। কিন্তু সেই অস্ট্রেলিয়াই একসময় গিয়ে নবকুমারের মতো পথ হারাল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে থেমে গেল বিশ্বকাপে তাদের টানা ২৫ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড। এতে অবশ্য অস্ট্রেলিয়ার দোষ নেই, ‘দোষ’ প্রকৃতির। জয়রথ থামলেও অস্ট্রেলিয়ার অপরাজেয় থাকার রেকর্ডটা কিন্তু অটুট ছিল তখনো। বিশ্বকাপে টানা ৩৪ ম্যাচ আর ১২ বছর ধরে অপরাজিত থাকা অস্ট্রেলিয়া প্রথম হারল পাকিস্তানের কাছে। একে একে সাম্রাজ্য ধসে পড়তে শুরু করল তাদের। ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিশ্চিত করে দিল, এবার আর শিরোপা যাচ্ছে না তাসমান সাগরপাড়ের দেশটিতে।দশ দলের বিশ্বকাপবিশ্বকাপ মাঠে গড়াতেই আইসিসির একটা সিদ্ধান্ত নিয়ে ঝড় উঠল। পরের বিশ্বকাপ হবে ১০ দলের—আইসিসি অলিখিতভাবে এটা জানানোর পর ছোট দলগুলো বেজায় খেপে যায়। তাহলে ছোটদের বিশ্বকাপে খেলার অধিকার নেই?—কেনিয়া, আয়ারল্যান্ড, হল্যান্ড শিবির থেকে এল এমন সব প্রশ্নের স্রোত। বর্তমান অধিনায়কেরা এ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়লেন, সাবেকরাও ছিলেন একই দলে।ক্রিকেট কূটনীতিউপমহাদেশে বিশ্বকাপ হবে আর তাতে রাজনীতি মিশে থাকবে না, তা কি হয়? তবে এবার যেটা হলো সেটাকে রাজনীতি না বলে কূটনীতি বলাই ভালো।্রমোহালিতে বিশ্বকাপের সেমিফাইনাল পাশাপাশি বসাল দুই চিরবৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রী মনমোহন সিং আর ইউসুফ রাজা গিলানিকে। ম্যাচে ভারত জিতলেও গিলানির মুখ দিয়ে বেরিয়ে আসা ‘খেলায় হার-জিত আছেই...’ কথাটা ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কে ছড়িয়ে দিল উষ্ণতা। খেলা শেষে দুই প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে সোনিয়া গান্ধীর উপস্থিতি ক্রিকেট কূটনীতিতে আলো ছড়ালো আরও। শুধু মনমোহন-গিলানি নয়, ফাইনাল দেখতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপক্ষের মুম্বাই সফর বা নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সেমিফাইনালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি-কে শ্রীলঙ্কায় আমন্ত্রণ জানানো, ২০১১ বিশ্বকাপে ক্রিকেট কূটনীতির উদাহরণ হয়ে থাকবে এসবও।তাহিরের আবির্ভাবইমরান তাহিরের জন্ম পাকিস্তানের লাহোরে। বিবাহসূত্রে এখন দক্ষিণ আফ্রিকার নাগরিক। ৩২ বছর বয়সী এই ডানহাতি লেগ ব্রেক বোলারের অভিষেক গত ২৪ ফেব্রুয়ারি, এটি ছিল তাঁর বিশ্বকাপ অভিষেকও। ৪১ রানে ৪ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। পরের চার ম্যাচে নিয়েছেন আরও ১০ উইকেট। গড় ১০.৭১, ইকোনমি ৩.৭৯। ক্রিকেট বিশ্ব দেখল শেন ওয়ার্ন-পরবর্তী যুগে আরেক বিস্ফোরক লেগ স্পিনারের আবির্ভাব। দক্ষিণ আফ্রিকাও পেয়ে গেল ফাস্ট বোলারদের রাজ্যে একজন বিস্ময় স্পিনার। কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ‘চোকার্স’ গ্রায়েম স্মিথরা আত্মসমর্পণ না করলে দক্ষিণ আফ্রিকা হয়তো এবারই তাহিরে ভর করে নিজেদের ছাড়িয়ে যেত। ওয়েবসাইট।আলোচনায় ইউডিআরএসকোন দল ফেবারিট? বিশ্বকাপের আগে এই আলোচনার পাশাপাশি ঝড় উঠেছে আম্পায়ার রিভিউ সিস্টেম (ইউডিআরএস) নিয়েও। বিশ্বকাপ শুরু হতে না হতে আলোচনা আরও গতি পায়। ২৭ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে ভারত-ইংল্যান্ড ম্যাচে যুবরাজের বলে ইয়ান বেলের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিলেন যুবরাজ। মাঠের আম্পায়ার আউট দেননি, ইউডিআরএস চায় ভারত। টিভি রিপ্লে দেখিয়েছে, বল বেলের স্টাম্প ভেঙে দিত। কিন্তু টিভি আম্পায়ার সিদ্ধান্তের ভার আবার মাঠের আম্পায়ারের হাতেই তুলে দেন এবং মাঠের আম্পায়ার তাঁর আগের সিদ্ধান্তেই অটল থাকেন। এরপর ইউডিআরএস নিয়ে ওঠে সমালোচনার ঝড়। এই পদ্ধতিতে কিছু পরিবর্তন আনে আইসিসি। তবে সমালোচনা থেমে থাকেনি।পরপর চার বলে১৮ মার্চ ২০১১, ইডেন গার্ডেন, কলকাতা। মুখোমুখি আয়ারল্যান্ড ও হল্যান্ড। ৪৯ ওভার শেষে হল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ৩০৩। বল করতে এলেন কেভিন ও’ব্রায়েন। প্রথম তিন বলে কোনো রান নেই, চতুর্থ বলে পর পর দুটি ওয়াইড। দ্বিতীয় ওয়াইড বল থেকেই নতুন ইতিহাসের শুরু—পর পর চার বলে চারটি রানআউট। দ্বিতীয় ওয়াইডটিতে হয় প্রথম রানআউট। পরের তিনটি বলেও ঘটল একই ঘটনা। শুধু বিশ্বকাপ নয় ওয়ানডে ক্রিকেটই প্রথম দেখেছে এটি। কলকাতার দর্শক সাক্ষী হয়েছে ক্রিকেটের বিরল এ ঘটনাটির। হল্যান্ডের অ্যাটসে বুরমান, পিটার সিলার, আদিল রাজা ও মুদাসসর বুখারি রানআউট হয়ে গড়েন বিচিত্র এই রেকর্ড।বিশ্বকাপে শেষটানা দেড় মাস ক্রিকেট উন্মাদনার ঢাকঢোল পিটিয়ে অবশেষে বিদায় নিল বিশ্বকাপ। বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়ে গেল অনেকের ক্রিকেট ক্যারিয়ারেও। কেউ ব্যর্থতার দায়ভার কাঁধে সরে দাঁড়িয়েছেন, কেউ সরে গেছেন স্বেচ্ছায়। কারও গেছে অধিনায়কত্ব। কেউ ছেড়ে দিয়েছেন ওয়ানডে ক্রিকেট। কারও বা থেমে গেল ক্রিকেট ক্যারিয়ারটাই।এই তালিকায় অবশ্যই সবার আগে নিতে হবে মুত্তিয়া মুরালিধরনের নাম। টেস্ট ও ওয়ানডে দুই ঘরানার ক্রিকেটেই সর্বোচ্চ উইকেটের মালিক মুরালি আগেই জানিয়ে রেখেছিলেন, এই বিশ্বকাপই তাঁর শেষ। মুম্বাইয়ের ওয়াংখেড়ের ফাইনাল দিয়েই শেষ হলো ক্রিকেটার মুরালির অধ্যায়। তালিকায় আছে শোয়েব আখতার, শন টেইট, স্টিভ টিকোলো ও ডেভিসনের নামও।বিশ্বকাপের মাঝপথে হঠাৎই একদিন সংবাদ সম্মেলন ডেকে শোয়েব আখতার বলে দেন, ‘এই বিশ্বকাপই আমার শেষ।’ শেষ দিকে একাদশে জায়গা না হওয়ায় পাকিস্তানি এই পেসারের বিদায়টা হয়ে গেছে অনেকটা নীরবেই।বিশ্বকাপ শেষের আগেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শেষ। তার দিন দুই পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেন টেইট। টিকোলো, ডেভিসন—এই দুজন তো ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন।পূর্ব ঘোষণা মতোই বিশ্বকাপ দিয়ে শেষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথের ওয়ানডে ক্যারিয়ার। নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ওয়ানডে না ছাড়লেও জানিয়ে দিয়েছেন অধিনায়কত্ব আর নয়। বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব হারাতে পারেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। তবে সবচেয়ে আলোচিত ঘটনা অবশ্যই রিকি পন্টিংয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।পূর্বসূরি স্টিভ ওয়াহর কাছ থেকে পন্টিং ওয়ানডে অধিনায়কত্ব নিয়েছিলেন ২০০২ সালে। দুই বছর পর টেস্ট দলেরও। স্টিভ ওয়াহর অজেয় দলটি নিয়ে পন্টিং অস্ট্রেলিয়াকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। ৭৭ টেস্টে নেতৃত্ব দিয়ে ৪৮টিতেই জয়, হার মাত্র ১৬টিতে। ওয়ানডে ক্রিকেটে সাফল্যের হার আরও বেশি। ২২৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬৩ ম্যাচেই জিতিয়েছেন দলকে। বিপরীতে হার মাত্র ৫০ ম্যাচে।অধিনায়ক হিসেবে দলকে পন্টিং উপহার দিয়েছেন দু-দুটি বিশ্বকাপ শিরোপা। এবার এসেছিলেন অধিনায়ক হিসেবে তৃতীয় শিরোপা জয়ের অনন্য কীর্তির লক্ষ্য নিয়ে। কিন্তু পন্টিংয়ের এই স্বপ্ন হোঁচট খেয়েছে কোয়ার্টার ফাইনালেই। আহমেদাবাদে ভারতের কাছে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে ব্যর্থতার দায় পন্টিং নিয়েছেন নিজের কাঁধেই।অপেক্ষায় থাকুন, বিশ্বকাপ মাত্র শেষ হলো। ঘটতে পারে আরও অনেক কিছুই।বাংলাদেশের ৫৮, ৭৮শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ভারতের ৩৭০ রানের জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানরাও ভালোই জবাব দিয়েছেন। রানের পাহাড় তামিম-সাকিবরা ডিঙাতে পারেননি, তবে ২৮৩ রান করে পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছিলেন ঠিকই। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের কোর্য়াটার ফাইনালে ওঠার স্বপ্নটা ফিকে হয়ে যায় অনেকটা। রাগে-ক্ষোভে বাংলাদেশের সমর্থকেরা ঢিল ছুড়েছিল খেলোয়াড়দের বাসে। কিন্তু হায়! ভুল করে বাংলাদেশের বাসের বদলে পড়ল ওয়েস্ট ইন্ডিজের বাসে! এ নিয়ে হইচই হলো কয়েক দিন।ওয়েস্ট ইন্ডিজ ক্ষতটা সাকিব-তামিমরা অনেকটা মুছে ফেলেন ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে। আবার জেগে ওঠে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে দরকার ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জুটল ৭৮ রানে অলআউট হওয়ার লজ্জা! সেই দক্ষিণ আফ্রিকা‘আমরা চোকার্স নই’—দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এল এই দাবি তুলে। ভালো খেলে এর প্রমাণও দিয়ে যাচ্ছিল তারা। কিন্তু গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে হোঁচট খেল। অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেছেন, লো স্কোরিং এই ম্যাচে চাপে নয়, ইংল্যান্ড ভালো খেলেছে এবং উইকেটে ছিল ঝামেলা! কিন্তু কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের করা ২২১ রান টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২৪ ওভারে ২ উইকেটে ১০৮ রান তুলে ফেলেছিল, পরের ওভারের প্রথম বলেই ভালো খেলতে থাকা জ্যাক ক্যালিস আউট। এরপর সেই চাপে ভেঙে পড়ার গল্প। ১৭২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। এবার আর স্মিথ দাবি করতে পারেননি, ‘আমরা চোকার্স নই’। বরং স্বীকার করতে হলো, দক্ষিণ আফ্রিকা সত্যিই চোকার্স।চোটে জর্জর বিশ্বকাপবিশ্বকাপ শুরুর আগেই শুরু হয়ে গিয়েছিল চোটের মিছিল। আর এতে সবচেয়ে বেশি ভুগেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাইক হাসির পরিবর্তে নেওয়া হলো শন মার্শকে, সেই শন মার্শের চোট বিশ্বকাপে সুযোগ করে দিল ক্যালাম ফারগুসনকে। আবার ডগ বলিঞ্জারের ইনজুরিতে বিশ্বকাপে ফিরে এলেন হাসি।ইংল্যান্ডেরও একই ঘটনা, বিশ্বকাপ শুরুর আগেই শেষ মরগানের বিশ্বকাপ, দলে এলেন রবি বোপারা। পিটারসেনের পরিবর্তে মাঝপথে ফিরে এলেন মরগান। ট্রেমলেট ও ডার্নবাখ এলেন ব্রড ও শেহজাদের বদলে। আর শেষে অবসাদে ভুগে দেশে ফিরে যাওয়া ইয়ার্ডির পরিবর্তে এলেন আদিল রশিদ।এ ছাড়া নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতের একজন করে এবং ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের তিনজন করে খেলোয়াড় চোটের কারণে দেশে ফিরে যান। আর সব শেষে ফাইনালের আগে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস পড়েছেন ইনজুরির খাঁড়ায়।‘মৃত্যু উপত্যকা’গ্রুপিং হওয়ার পর থেকেই সবাই বলে আসছিল ‘বি’ গ্রুপটা এবার ‘ডেথ গ্রুপ’ (মৃত্যু উপত্যকা)। যেমন ধারণা করা হয়েছিল, হয়েছে তেমনই। গ্রুপের শেষ ম্যাচের আগের ম্যাচ পর্যন্ত কেউ বলতেই পারছিল না, এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে কোন তিন দল। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পরই তা নিশ্চিত হয়েছে। তবে কোন দল গ্রুপ রানার্সআপ হবে, এরপর কোন দল থাকবে, সেটি নিশ্চিত হয়েছে গ্রুপের শেষ ম্যাচে। সত্যিই ‘বি’ গ্রুপটা ছিল মৃত্যু উপত্যকা।কেভিনের সেঞ্চুরিগ্রুপ পর্বের মাঝামাঝি আলো কেড়ে নিলেন আইরিশ ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়েন। ৫০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের রেকর্ড বইয়ে নিজের নামটি সোনার হরফে লিখিয়ে নেন ও’ব্রায়েন ভাইদের ছোটজন। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে কেভিন ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডকে এনে দেন ঐতিহাসিক জয়। এরপর আইরিশরা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত অনেকটা আলো ছিল কেভিনের ওপর। কখনো কখনো তাঁর কাছে ম্লান ছিলেন অনেক বড় তারকাই। দশে দশ টেন ডেসকাটসেঞ্চুরি দিয়ে শুরু করে সেঞ্চুরি দিয়েই এই বিশ্বকাপটা শেষ করেছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১১০ বলে ১১৯ রান করা ডেসকাট শেষ ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে করেছেন ১০৬। এই বিশ্বকাপে ৬১.৪০ গড়ে ৩০৭ রান করার সঙ্গে উইকেটও পেয়েছেন ৬টি। বিশ্বকাপে ভালো খেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বত্রিশ থেকে উঠে এসেছেন ষোলোতে।আইসিসির সহযোগী দেশগুলোর একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছেন কাউন্টিতে খেলা ডেসকাট। ওয়ানডে ক্রিকেটে অসাধারণ ব্যাটিং গড় (৬৭.০০)। ২০০৭ বিশ্বকাপেও দুটি ফিফটি করেছিলেন ডেসকাট। ডাচ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকাকে বিশ্বকাপে আর না-ও দেখা যেতে পারে। তবে রেকর্ডের খাতায় হয়তো পাকাপাকি থেকে যাবে রায়ান টেন ডেসকাটের নাম।বজ্র আঁটুনিফাইনালের দিন মুম্বাইয়ের আকাশ ছিল ‘নো ফ্লাই জোন’। উপমহাদেশে ফিরে আসা বিশ্বকাপে নিরাপত্তা দাঁড়িয়েছিল এতটাই স্পর্শকাতর হয়ে। মাঠের খেলার পর বিশ্বকাপ আয়োজকেরা সবচেয়ে বেশি গুরুত্ব সম্ভবত এই বিষয়টার ওপরই দিয়েছেন। বিশ্বকাপের বাংলাদেশ অংশটার দিকেই তাকিয়ে দেখুন। মাঠ থেকে শুরু করে খেলোয়াড়দের হোটেল, এমনকি খেলোয়াড়েরা এদিক-সেদিক বেড়াতে গেলেও ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। রাস্তাঘাট করে দেওয়া হয়েছিল যানবাহনমুক্ত। এত কিছুর পরও অবশ্য ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে ঢিল পড়ল। ক্ষুব্ধ কোনো দর্শক আসলে ঢিলটা মেরেছিল বাংলাদেশ দলের বাসের ওপর। অন্ধকারে সেটাই ভুল করে পড়ল ওয়েস্ট ইন্ডিজের বাসে। আতঙ্কিত ক্রিস গেইল সঙ্গে সঙ্গে টুইটারে জানিয়ে দিলেন, তিনি ভয়ে কাঁপছেন। বিশ্বকাপের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দেওয়া ওই টুইটের জন্য নির্ঘাৎ পরে লজ্জা পেয়েছেন গেইল। নিশ্ছিদ্র নিরাপত্তায় যে কোনো প্রভাবই ফেলতে পারেনি ওই ঢিল! বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার মৃদু গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠলেও আইসিসি থেকেই উড়িয়ে দেওয়া হয়েছে সেই গুজব।