আলোচিত তিন হত্যা মামলা তদারক সেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী এবং শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারক সেলে নেওয়া হয়েছে।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চাঞ্চল্যকর মামলা তদারক সেলের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, সেল এই মামলাগুলোর তদারকি করলেও তদন্ত কর্মকর্তা (আইও) ঠিকই থাকবেন। মামলা তিনটির তদন্তের জন্য কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, তদারক সেলে অন্তর্ভুক্ত কোনো মামলাতেই সময় বেঁধে দেওয়া হয় না। এ ক্ষেত্রেও সময় দেওয়া হয়নি। তবে মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। পুলিশ তদন্তে ব্যর্থ হওয়ায় বর্তমানে র‌্যাব এই মামলার তদন্ত করছে। গত ৫ মার্চ রাতে ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী গুলশানে গুলিবিদ্ধ হন। পরদিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আর শ্রমিকনেতা আমিনুল গত ৪ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হন। পরদিন টাঙ্গাইলে তাঁর লাশ পাওয়া যায়।সম্প্রতি বাংলাদেশ সফরে এসে আমিনুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।গতকালের সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সভায় মোট ১১টি মামলা নিয়ে পর্যালোচনা করা হয়। এর মধ্যে তিনটির তদন্ত শেষ হওয়ায় এক সপ্তাহের মধ্যে এগুলোর অভিযোগপত্র দিতে বলা হয়েছে। এই তিন মামলা হলো: সাভারের আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হোসেন হত্যা এবং গুলশানের শিশু আলিফ হত্যা মামলা।