আলোচিত মহড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার উত্তর এলাকার গ্রামগুলোর কয়েক হাজার মানুষ গত ২৭ জানুয়ারি ঢাল, সড়কি ও রামদা নিয়ে লোহাগড়া বাজারে মহড়া দেয়। দক্ষিণ এলাকার লোকজনও তখন সংঘর্ষের প্রস্তুতি নেয়।লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান জানান, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের কারগিরি শাখার দশম শ্রেণীর ছাত্র উপজেলার উত্তর এলাকার চাচই গ্রামের সুমনের সঙ্গে এ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র উপজেলার দক্ষিণ এলাকার মঙ্গলহাটা গ্রামের সম্রাটের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়। এ নিয়েই উপজেলার উত্তর ও দক্ষিণ এলাকার মানুষের মধ্যে এই মহড়ার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন ভোর থেকেই উপজেলার উত্তর এলাকার কয়েক হাজার মানুষ প্রকাশ্যে ঢাল, সড়কি, রামদা ও লাঠিসোটা নিয়ে সারিবদ্ধভাবে লোহাগড়া বাজারে মহড়া দেন। তখন লোহাগড়া থানার পুলিশ, রিজার্ভ পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় দক্ষিণ এলাকার কয়েক গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলহাটা ও কুন্দশী গ্রামে অবস্থান নেয়। এর আগের দিন বিকেলে দক্ষিণ এলাকার মানুষ প্রকাশ্যে রামদা নিয়ে লোহাগড়া বাজারে মহড়া দেয়। জানা গেছে, উত্তর এলাকার নেতৃত্ব দেন জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শরিফুল আলম এবং দক্ষিণ এলাকার নেতৃত্ব দেন মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল। আট থেকে ১০ কিলোমিটার দূরের গ্রামের মানুষও এ মহড়ায় অংশ নেয়।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই দিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল, পৌর মেয়র নেওয়াজ আহম্মেদ ঠাকুরসহ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে শেখ শরিফুল আলম ও মোস্তফা কামাল এবং দুই এলাকার মাতব্বরদের মিলিয়ে দেওয়া হয়েছে। তাঁরা কোলাকুলিও করেছেন।’