আলোচিত-সমালোচিত সেই আলোকচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে তখন প্রলয় ঘটে গেছে। আঘাত পড়েছে মার্কিন স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপরও। সন্ত্রাসী হামলায় তাসের ঘরের মতো ধসে পড়েছে নিউইয়র্কের ‘আইকন’ সেই যমজ অট্টালিকা ‘টুইন টাওয়ার’। ১০ বছর আগে, ২০০১ সালের এই দিনে সন্ত্রাসী হামলার সময় যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ছিলেন ফ্লোরিডায়। একটি প্রাথমিক বিদ্যালয়ের ছোট, ছোট ছেলেমেয়েদের সঙ্গে বই পড়াসংক্রান্ত একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। তিনি জানতেনও না, তাঁর নেতৃত্বাধীন ‘মহাশক্তিধর’ যুক্তরাষ্ট্র তখন আক্রান্ত। ধুলোয় লুটিয়ে পড়েছে তাদের সব অহম, শক্তিমত্তার সব গৌরব।ফ্লোরিডার সেই কর্মসূচির একপর্যায়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ অ্যান্ড্রু কার্ড জর্জ বুশের কাছে আসেন। কোনো উত্তেজনা নয়, এত বড় দুঃসংবাদ প্রেসিডেন্টকে দেওয়ার সময় আগ্রহের আতিশয্যও নয়, কার্ড ধীর-স্থিরভাবে সন্তর্পণে বুশের কানে কানে জানালেন, ‘ভয়াবহ বিপর্যয় ঘটে গেছে। সন্ত্রাসীদের বিমান আছড়ে পড়েছে টুইন টাওয়ারের ওপর। আক্রান্ত যুক্তরাষ্ট্র।’আন্তর্জাতিক গণমাধ্যমে বুশকে সেই দুঃসংবাদ জানানোর একটি আলোকচিত্র আলোড়ন তুলেছিল। আলোকচিত্রে জর্জ বুশকে খুব শান্ত ও স্থির দেখাচ্ছিল। নিন্দুকেরা সমালোচনায় মুখর হয়েছিলেন বুশের। তাদের বক্তব্য ছিল, দেশ যখন আক্রান্ত, সেই দেশের রাষ্ট্রপতি এতটা শান্ত-সৌম্য থাকেন কীভাবে। বুশ অবশ্য কোনো দিনই সেই সমালোচনার জবাব দেননি।টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার দশম বার্ষিকীতে এসে মুখ খুলেছেন অ্যান্ড্রু কার্ড। বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইককে তিনি বলেছেন, প্রেসিডেন্ট বুশের সেই অভিব্যক্তি ছিল পরিস্থিতির বিবেচনায় একেবারেই সঠিক। প্রথমত. তিনি ছোট ছোট বাচ্চাদের সামনে ছিলেন। বাচ্চাদের সামনে তিনি অহেতুক উত্তেজনা দেখিয়ে তাদের আতঙ্কের কারণ হতে চাননি। দ্বিতীয়ত. আমি যখন বুশের কাছে গিয়ে কানে কানে দুঃসংবাদটি জানালাম, তখন তাঁর সামনে ধরা ছিল অজস্র টেলিভিশন ক্যামেরা। প্রেসিডেন্ট বুশ যদি সে সময় সেই সংবাদ শুনে উত্তেজিত হয়ে পড়তেন, যদি তাঁর চোখে-মুখে আতঙ্কের ভাব দেখা যেত, তাহলে সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিনবিরোধী সন্ত্রাসীদের মধ্যে এই মর্মে বার্তা ছড়িয়ে পড়ত যে যুক্তরাষ্ট্র এই হামলায় ভয় পেয়ে গেছে। সংগত কারণেই প্রেসিডেন্ট বুশ তা হতে দিতে চাননি।তার পরও এই আলোকচিত্রটি নিয়ে হয়তো আলোচনা-সমালোচনা চলতেই থাকবে আগামী দিনগুলোতেও। সূত্র: নিউজউইক।