আলোর অপেক্ষায়
সাত হাজার রানের মাইলফলকের হাতছানি ভিভিএস লক্ষ্মণের সামনে। ওই মাইলফলক ছুঁতে আর মাত্র ৮৩ রান। নতুন বছরে ‘নতুন’ এক চূড়ায় ওঠার অপেক্ষায় মুত্তিয়া মুরালিধরন। আর আটটি উইকেট হলেই ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৮০০ টেস্ট উইকেটের মাইলফলক ছোঁবেন এই স্পিন জাদুকর। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট এবং সর্বোচ্চ টেস্ট ইনিংসের হাতছানি মোহাম্মদ আশরাফুলের সামনে। হাবিবুল বাশারকে ( ৫০ টেস্ট ও ৯৯ ইনিংস) ছাড়িয়ে দুটি রেকর্ড গড়তে আশরাফুলকে খেলতে হবে একটি টেস্ট ও তিনটি ইনিংস। এ বছরই পাকিস্তানের দুই ক্রিকেটার এক দিনের ক্রিকেটে শততম ক্যাচ তালুবন্দি করে ফেলতে পারেন। এ জন্য ইউনুস খানের দরকার মাত্র একটি ক্যাচ, শহীদ আফ্রিদির তিনটি। ২০০০ ওয়ানডে রানের মাইলফলকের কাছাকাছি আফতাব আহমেদ, শাহরিয়ার নাফীস ও তামিম ইকবাল। তিনজনের দরকার ১২৬, ১৪৩ ও ১৩৫ রান। সর্বোচ্চ উইম্বলডন জয়ী হিসেবে এ বছরই পিট সাম্প্রাস ও উইলিয়াম রেনশর (দুজনই সাতটি করে জিতেছেন) পাশে দাঁড়াতে পারেন রজার ফেদেরার। এজন্য সুইস তারকাকে জিততে হবে এবারের উইম্বলডন। লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড ২৫২, টেলমো জারার। রাউল গঞ্জালেস (২২৬) হয়তো এ বছর তাঁকে ছাড়িয়ে যেতে পারবেন না, তবে আর দুটি গোল হলেই তিনি ছাড়িয়ে যাবেন আলফ্রেডো ডি-স্টেফানোকে (২২৭)। জারার পরে ২৩৪ গোল নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে হুগো সানচেজ। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটিও রাউলের নাগালে। ১৩১ ম্যাচ খেলা রাউল আর নয়টি ম্যাচ খেললেই ছাড়িয়ে যাবেন সর্বোচ্চ ১৩৯টি ম্যাচ খেলা পাওলো মালদিনিকে। আর মাত্র একটি ইনিংস খেললেই সবচেয়ে বেশি টেস্ট ইনিংস খেলার রেকর্ডটি নিজের করে নেবেন শচীন টেন্ডুলকার। ২৬৫টি টেস্ট ইনিংস নিয়ে টেন্ডুলকারের সঙ্গে এখন এই রেকর্ডের যৌথ মালিক অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার। আর স্টিভ ওয়াহর সর্বোচ্চ ১৬৮ টেস্টের রেকর্ড ছাড়িয়ে যেতে টেন্ডুলকারের দরকার মাত্র সাতটি টেস্ট। সেটি এ বছরই হবে কিনা সংশয় থাকলেও নিশ্চিতভাবেই টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক ছোঁবেন টেন্ডুলকার। সে জন্য যে তাঁর দরকার মাত্র ৩০ রান।