আলোর অপেক্ষায়
টেস্টে ৫ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় ইংল্যান্ড ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। আর ৫৯ রান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন এই মাইলফলক। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৫৭৩টি ম্যাচ খেলার রেকর্ড ডেভিড জেমসের। নতুন বছরে তাঁকে ছাড়িয়ে যেতে পারেন রায়ান গিগস। এ জন্য আর ১৮টি ম্যাচ খেলতে হবে গিগসকে। কোনো ইংলিশ ক্রিকেটারের যে কৃতিত্ব নেই, সেই কৃতিত্ব অর্জনের খুব কাছাকাছি দাঁড়িয়ে পল কলিংউড। আর ২২ রান করতে পারলেই তিনি হবেন ইংল্যান্ডের প্রথম ৫ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ৫ হাজার ওয়ানডে রানের মাইলফলকের হাতছানি পাকিস্তানের আবদুর রাজ্জাক ও শ্রীলঙ্কার টিম দিলশানের সামনেও। এ জন্য তাঁদের দরকার আর ৭৯ ও ৯৫ রান। নতুন বছরেই ওয়ানডের আট হাজারি ক্লাবে পা রাখবেন ক্রিস গেইল। নতুন এই মাইলফলক ছোঁয়ার জন্য উইন্ডিজ ব্যাটসম্যানের দরকার আর ১২৬ রান। আর মাত্র ১টি টেস্ট জিতলেই ১০০টি টেস্ট জেতা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখাবেন রিকি পন্টিং। দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে হরভজন সিং। টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার জন্য তাঁর দারকার মাত্র ১৪ উইকেট। আর ৩২ রান হলেই তিনি ছুঁয়ে ফেলবেন দুই হাজার রানের মাইলফলকও। ইংলিশ ফুটবলের লিগ শিরোপা সর্বোচ্চ ১৮ বার করে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। দুই দলের সামনেই এককভাবে সবচেয়ে বেশিবার লিগ জেতার রেকর্ড গড়ার সুযোগ।