আলোর অপেক্ষায় ১২৫ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার ১২৫ গ্রামের বাসিন্দা ৩৯ বছরেও বৈদ্যুতিক আলোর মুখ দেখেনি। এসব গ্রামে প্রায় সোয়া দুই লাখ মানুষ বাস করে। ফলে বিদ্যুৎসংযোগহীন বিশাল এ জনগোষ্ঠী অন্য এলাকার চেয়ে পিছিয়ে পড়ছে।উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ২১১টি গ্রামে প্রায় সোয়া তিন লাখ মানুষ বাস করে। এর মধ্যে ১২৫ গ্রামের প্রায় সোয়া দুই লাখ মানুষ বৈদ্যুতিক আলোর সুবিধা থেকে বঞ্চিত। এ ছাড়া পৌরসভার প্রায় এক হাজার পরিবারও বিদ্যুৎসংযোগ বঞ্চিত। স্বাধীনতা-পরবর্তী ৩৯ বছর ধরে বারবার দাবি জানিয়েও এসব মানুষ আজও আলোর মুখ দেখেনি। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামগুলোতে বিদ্যুৎ না থাকায় রাতের অন্ধকারে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ অন্য এলাকার চেয়ে বেশি হয়। বিদ্যুতের অভাবে এলাকায় শিল্পকারখানা গড়ে উঠছে না। এ জন্য বেকার সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। এ ছাড়া উপজেলার খাদুলী উচ্চবিদ্যালয়, বগা বিএল উচ্চবিদ্যালয়, নাংলু সিনিয়র মাদ্রাসাসহ ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের সংযোগ নেই।বগা বিএল উচ্চবিদ্যালয়ের ছাত্রী রোকসানা খাতুন জানায়, বিদ্যুতের ব্যবস্থা না থাকায় আমরা কম্পিউটার বিষয়ে পড়াশোনা করতে পারছি না। এ ছাড়াও প্রচণ্ড গরমের সময় ক্লাসে থাকা যায় না। তখন গাছতলায় গিয়ে ক্লাস করতে হয়।খাদুলী উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক সোলাইমান আলী বলেন, ‘বিদ্যুতের ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দিতে পারছি না। ফলে অন্যান্য বিদ্যালয়ের চেয়ে আমার শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে।’এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদা খাতুন জানান, ‘আমার ইউনিয়নের অনেক গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছেনি। শৈলমারী ও রাঙ্গামাটি গ্রামে কয়েকটি খুঁটি দীর্ঘদিন আগে বসানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার টানা হয়নি।’ ধুনট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সহকারী জুনিয়র প্রকৌশলী মুন্সি নূর মোহাম্মদ আশেক এলাহী জানান, বিদ্যুৎ লাইনের জন্য অফিসে অর্ধশত আবেদন জমা পড়ে আছে। কিন্তু প্রায় তিন বছর ধরে নতুন বিদ্যুৎ লাইন দেওয়ার মতো সরকারি বরাদ্দ নেই। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা তৈরি করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।