আলোর দেখা পাওয়ার আশায় ডারবান জলবায়ু সম্মেলন শুরু
ডারবান জলবায়ু সম্মেলন থেকে বিশ্ব শূন্য হাতে ফিরে যাবে। নাকি চলে যাবে আরও পেছনে। এই আশা-নিরাশার দোলাচলে গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার বন্দর শহর ডারবানে বসেছে বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ-১৭। সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাওয়ার আশায় এখানে ১২ দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের ১৯৪টি দেশের ২০ হাজার প্রতিনিধি।মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সূচনা যে শহরে, এই শহর জলবায়ু বিপন্ন বিশ্ববাসীকে কতটা শান্তির বারতা দেবে, সে প্রশ্নের উত্তর মিলবে ৯ ডিসেম্বর। তার আগ পর্যন্ত চলবে কারিগরি ও মন্ত্রী পর্যায়ের আলোচনা। জলবায়ু সম্মেলন ঘিরে ভারত মহাসাগর-তীরবর্তী এই শহরটিকে নতুনভাবে সাজানো হয়েছে। ‘জলবায়ু পরিবর্তন মানে খাদ্য উৎপাদন কমে যাওয়া, বেশি পরিমাণে দুর্যোগ নেমে আসা’—এমন সব বক্তব্যসংবলিত ব্যানার-ফেস্টুন শহরজুড়ে টাঙানো হয়েছে। শহরের কেন্দ্রস্থল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা।২০১২ সাল নাগাদ শেষ হওয়া কিওটো প্রটোকল চুক্তির পর শিল্পোন্নত বিশ্ব তাদের কার্বন নিঃসরণ কী পরিমাণ কমাবে। জলবায়ু বিপন্ন দেশগুলোর জন্য গত বছর মেক্সিকোর কানকুন সম্মেলনে ঘোষণা হওয়া গ্রিন ক্লাইমেট ফান্ডে’ কোন দেশ কী পরিমাণ অর্থ জোগান দেবে। এসব চূড়ান্ত হবে এই সম্মেলনে।গতকাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘ডারবান মহাত্মা গান্ধী ও নেলসন মেন্ডেলার শহর। এই শহরেই আমরা বিশ্বের তাপমাত্রা কমানোর জন্য কিওটো প্রটোকল চুক্তির পরবর্তী অঙ্গীকার করব।’ শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলো নিজ নিজ দেশের কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে রাজি হবে বলে তিনি আশা করেন। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-বিষয়ক ফ্রেমওয়ার্ক ইউএনএফসিসিসির নির্বাহী সচিব ক্রিস্টিনা ফিগোইরা শুরুতেই দক্ষিণ আফ্রিকার আদি জুুলু ভাষায় সবাইকে স্বাগত জানান।সম্মেলনে যোগ দেওয়া জলবায়ু বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) জ্যেষ্ঠ রিসার্চ ফেলো সালেমুল হক ডারবান সম্মেলন ঘিরে তৈরি হওয়া শঙ্কা ও আশার কথা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, বাংলাদেশসহ জলবায়ু বিপন্ন দেশগুলো শিল্পোন্নত দেশগুলোর কী পরিমাণ চাপ রাখতে পারবে, তার ওপর নির্ভর করছে এই সম্মেলনের ভবিষ্যৎ। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব এবং জাতিসংঘ জলবায়ু অর্থায়নবিষয়ক কমিটির সদস্য মনজুরুল হান্নান খান বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে কার্বন নিঃসরণ কমানো ও জলবায়ু তহবিলের ব্যাপারে চাপ রেখে যাবে। কানকুন সম্মেলনের সভাপতি মেক্সিকোর পরিবেশমন্ত্রী পেট্রিসিয়া এসপিওনেসা বিদায়ী বক্তৃতায় কানকুন সম্মেলনে বিশ্ব যে বিষয়গুলোতে একমত হয়েছে, তা এই সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে বলে আশা করেন।কোপ-১৭ সভাপতি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নেকোনা মাসাবেনার বক্তৃতায় আশার বাণী ছিল বেশি। দক্ষিণ আফ্রিকা সরকার ২০২০ সাল নাগাদ ৩৪ শতাংশ এবং ২০২৫ সাল নাগাদ ৪০ শতাংশ কার্বন নিঃসরণ কমিয়ে আনবে উল্লেখ করে বলেন, অন্যান্য শিল্পোন্নত দেশ যদি একই ধরনের পরিকল্পনা তৈরি করে, তাহলে বিশ্বের তাপমাত্রা চলতি শতাব্দীর মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।সম্মেলনে ১৩৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল যোগ দেবে। প্রাথমিকভাবে শতাধিক প্রতিনিধি ডারবানে পৌঁছেছেন। সম্মেলন উপলক্ষে প্রায় ২৫ জন সাংবাদিক বাংলাদেশ থেকে ডারবানে এসেছেন। সম্মেলনের বিভিন্ন পর্বে আলোচনার জন্য বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক এম আসাদুজ্জামান, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক মিজান আর খান। বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।