আলোর নিচে অন্ধকার
পাবনার চাটমোহর উপজেলা সদরে অবস্থিত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় থেকে মাত্র সাত কিলোমিটার দূরে পাঁচবাড়ীয়া গ্রাম। অথচ গ্রামটিতে আজও বিদ্যুৎ পৌঁছেনি। গ্রামটির আধা কিলোমিটার দূরে পার্শ্ববর্তী মস্তালিপুর, রামপুর ও কাতুলী গ্রামে রাতে বিদ্যুতের আলো জ্বলে। আর সেই উজ্জ্বল আলো কুপিবাতির আলোতে বসে দেখতে দীর্ঘশ্ব্বাস ফেলে পাঁচবাড়ীয়ার বাসিন্দারা।সম্প্রতি কৃষি সম্প্রসারণ বিভাগ পরিচালিত সমন্বিত ফসল ব্যবস্থাপনা (আইসিএম) কৃষক মাঠ স্কুল দেখতে গিয়ে কথা হয় গ্রামের বাসিন্দাদের সঙ্গে। চোখ জুড়োনো গাছপালায় ঘেরা গ্রামটির কৃষাণী রাখিজান খাতুন আক্ষেপ করে বলেন, ‘সন্ধ্যা হলি বাড়ির ব্যাটা ছাওয়ালরা পাশের চড়ইকোল বাজারে সিডি দেখপের চলে যায়। বাড়িত ফেরে মদি রাতি। অন্ধকারে তখোন বাড়িত একটা বিপদ হলি দেখার লোকও নাই।’ গৃহবধূ নূরুন্নাহার খাতুন বলেন, ‘বিদ্যুৎ না থাকনে দ্যাশ-বিদ্যাশের কোনো খবর পাইনে। ছাওয়াল-মেয়েরা বেশি রাত লেখাপড়া কোরবের চায় না।’ ওই গ্রামের শামসুদ্দিন জানান, ২২৫টি পরিবারের লোকসংখ্যা প্রায় এক হাজার ১০০ জনের মতো। কৃষক জহির উদ্দিন বলেন, গ্রামের ৭৮টি বাড়িতে টেলিভিশন আছে। তারা বড় গৃহস্থ। তাই ব্যাটারি দিয়ে টিভি দেখে।বৃদ্ধ তাজির উদ্দিন বলেন, ‘নয় বছর আগে আমরা বিদ্যুৎ লেওয়ার আবেদন করিছিলেম। তখন পল্লী বিদ্যুতির লোকরা ২০ হাজার ট্যাকা ঘুষ চালো। লোকজন কোলো ঘুষ দিয়ে কারেন্ট লেবো লয়। আর হলো লয়।’সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী জানান, চার বছর আগে আরইবির নির্বাহী প্রকৌশলী গ্রামটি পরিদর্শনে আসেন। তখন তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে গ্রামে লাইন দেওয়ার নির্দেশ দেন। তারপর আজও আমরা লাইন পাইনি।পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ওমর আলী বলেন, ‘গ্রামটি আমাদের তালিকায় আছে। সুযোগ এলে আমরা লাইন দিয়ে দেব।’ উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন বলেন, নির্বাচনের সময় আমি গ্রামটিতে গিয়েছি। লোকজন আমাকে বলেছে বিদ্যুতের কথা। আমি চেষ্টা করছি, শিগগিরই হয়তো হয়ে যাবে।