আলোর পথযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তমসা ঘুচিয়ে আলোর পথযাত্রী হওয়ার ব্রত নিয়ে যাত্রা শুরু করেছিল মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ। স্বাধীনতার পঁচিশতম বার্ষিকীর মুখোমুখি দাঁড়িয়ে উদ্যোক্তাদের মনে হয়েছিল, পঁচিশ বছরেও স্বাধীন দেশের সরকার জাতির গৌরবময় ইতিহাসের স্মৃতি সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি; বরং চলছে বিকৃতি, বিস্মৃতি, বিভ্রান্তির জালে মুক্তিযুদ্ধের ইতিহাস আকীর্ণ করে ফেলবার আয়োজন। সেই পটভূমিকায় স্মৃতিবহ তথ্য ও স্মারক আহরণ, সংরক্ষণ ও উপস্থাপনের উপযুক্ত আয়োজন তো সমাজের নিজস্ব শক্তিতে গ্রহণ করা যেতে পারে। মুক্তিযুদ্ধ জাদুঘর সমাজের শক্তির ওপর আস্থা অর্পণ করে শুরু করেছিল যাত্রা এবং দ্বারোদ্ঘাটনের মুহূর্ত থেকে বহু মানুষের অকুণ্ঠ ভালোবাসার জোরে বয়ে চলেছে জাদুঘরের স্মৃতিসংরক্ষণ ও উপস্থাপন এবং স্মৃতি-সম্পৃক্ত বহুবিচিত্র কর্মধারা। মানুষের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে জাদুঘরের যে বিকাশ, সেটা তাই ক্রমান্বয়ে আরও ব্যাপ্তি ও গভীরতা অর্জন করে পরিণত হয়েছে নাগরিকজনের দ্বারা প্রতিষ্ঠিত সর্বজনের জাদুঘরে।মুক্তিযুদ্ধ জাদুঘরের অভিযাত্রায় জড়িয়ে আছে কত মানুষের বুক-ভরা ভালোবাসায় মণ্ডিত কত ধরনের অর্ঘ্য! জাদুঘরে প্রদর্শিত হতে পারে প্রায় পনেরো শ স্মারক, অথচ এর ভান্ডারে সংরক্ষিত রয়েছে পনেরো হাজারেরও বেশি উপকরণ। অনেক স্মারক হয়ে আছে ইতিহাসের সাক্ষী, বহু চড়াই-উতরাই পেরিয়ে জাতির যে অগ্রগমন তার পরিচয়বহ। কতক স্মারক আবার সজীব করে তুলছে হারিয়ে যাওয়া কোনো এক শহীদ যোদ্ধা অথবা বীরমাতার ভূমিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৯ সালে এক বালিকার চিরকুটে স্বাক্ষর-দানকালে লিখেছিলেন, ‘গ্রেট থিংস ক্যান বি অ্যাচিভ্ড্ থ্রু গ্রেট স্যাক্রিফাইসেস’। পঁচাত্তরে জাতির মুক্তির জন্য প্রাণ-উৎসর্গ করে বঙ্গবন্ধু যেন নিজের কথাগুলো আবার লিখলেন রক্তের অক্ষরে। আর একাত্তরে ফরিদপুরের বোয়ালমারীর দূর গ্রামের কিশোর রেজাউল হক মৃধা তার পাঠ্যবইয়ে লিখেছিল, ‘বাংলার জয় অবশ্যম্ভাবী, বাংলার জয় হবেই।’ ৭ ডিসেম্বর ১৯৭১ সম্মুখযুদ্ধে প্রাণ বিসর্জন দেওয়া এই কিশোর যোদ্ধাও তো জাদুঘরে মেলে ধরা তার বইয়ের মাধ্যমে বলে চলেছে অনেক কথা। এমনি একাকারভাবে জাদুঘর যেমন প্রদর্শন করতে পারছে জাতির গৌরব, তেমনি ফুটিয়ে তুলতে পারছে ইতিহাসের পরতে পরতে জড়িয়ে থাকা ব্যক্তিমানবের হূদয়-সিঞ্চিত কথকতা। ইতিহাস পুনরুদ্ধার ও পুনর্বিবেচনার কাজে শিক্ষার্থীরাও বাড়িয়ে দিয়েছে হাত, প্রত্যক্ষদর্শী ভাষ্য সংগ্রহ থেকে শুরু করে শিক্ষণ অথবা নানা শৈল্পিক কর্মকাণ্ডের দ্বারা নবীন-নবীনারা ইতিহাসের নব-উদ্ভাসন ঘটিয়ে চলেছে। এমনিভাবে অতীতমুখিতা নয়, বরং মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মের সঙ্গে স্মৃতির এক নিরন্তর সংলাপ পরিচালনা করছে জাদুঘর।পনেরো বছরের পথ-পরিক্রমায় মুক্তিযুদ্ধ জাদুঘর জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাধীনতার চল্লিশতম বার্ষিকীতে পৌঁছে আগারগাঁওয়ে নিজস্ব জমিতে স্থায়ী জাদুঘর নির্মাণের কাজ শুরুর প্রস্তুতি এখন সম্পন্ন। আগামীর দিকে আমরা তাকাতে পারি বলিষ্ঠভাবে, দিব্যচোখে দেখতে পাওয়া যায় নতুন জাদুঘরের রূপরেখা, যা অচিরে লাভ করবে বাস্তব রূপ। এভাবে মুক্তিযুদ্ধের অতীত আরও নিবিড়ভাবে যুক্ত হবে বর্তমানের সঙ্গে, প্রেরণা জোগাবে ভবিষ্যতের বিকাশে, জাতীয় গৌরবে উদ্দীপ্ত উদার, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ নির্মাণে। জাতির অমোঘ শক্তির উৎস মুক্তিযুদ্ধ, আর সেই শক্তির আধার মুক্তিযুদ্ধ জাদুঘর। দুইয়ের মধ্যে সেতুবন্ধ রচনা করে চলেছে সর্বস্তরের মানুষ, বিশেষভাবে আজকের নবীন প্রজন্ম। এভাবেই সার্থক হয়ে উঠছে মুক্তিযুদ্ধ জাদুঘর।মফিদুল হক: লেখক ও ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর