আলোর পথে ঝুঁকিপূর্ণ পারাপার (ভিডিও)
কাত হয়ে যাওয়া একটি ঝুলন্ত সেতু। তাও আবার অনেক লম্বা। নিচে সিবেরাং নদী। ছোট্ট ছোট্ট কিছু শিক্ষার্থী মাঝপথে গিয়ে ভয়ে কাঁদছে। তাদের চোখে যেন অসহায়ত্বের ছাপ। দুলছে সেতুটি। একটু পা খসলেই হয়তো পড়ে যাবেন নদীতে। সাঁতার জানলেও বাঁচার সম্ভাবনা অনেক বেশি সেটিও নিশ্চিত করে বলা যাবে না। তবুও স্কুলে যেতে দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষার্থীরা। মৃত্যুর ঝুঁকি নিয়েই প্রতিদিন ঝুলন্ত সেতুটি পার হচ্ছে শিশুসহ অনেক শিক্ষার্থী।ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের বানতেন গ্রামের সঙ্গে পাশের সানজিয়াং তানজুং গ্রামের যোগাযোগের জন্য সহজতম উপায় হচ্ছে এ ঝুলন্ত সেতুটি। সম্প্রতি বন্যার পানির তোড়ে সিবেরাং নদীর ওপরের ঝুলন্ত সেতুটি খুঁটি ভেঙে কাত হয়ে পড়ে। বিকল্প পথে স্কুলে যেতে হলে পাঁচ কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে যেতে হয় শিক্ষার্থীদের। স্কুলে যেতেও অনেকটা সময় লেগে যাবে। তাই ঝুঁকি নিয়ে এ সেতু পার হচ্ছে শিক্ষার্থীরা।
নয় বছর বয়সী একজন শিক্ষার্থী বলে, ‘সেতুটি পার হতে আমার অনেক ভয় লাগে। কিন্তু আমি আমার পড়াশোনা বাদ দিতে চাই না।’স্থানীয় বাসিন্দারা সেতুটি মেরামতের জন্য সরকারে প্রতি আহ্বান জানিয়েছে। সানজিয়াং তানজুং গ্রামের প্রধান ইপি সুহাইপি বলেন, ‘আমরা আশা করছি, সরকার খুব দ্রুত সেতুটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সেতুটি আমাদের প্রাত্যহিক কাজের জন্য অবিচ্ছেদ্য মাধ্যম। বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের জন্য। এ ছাড়া সেতুটি দুরবস্থার ফলে দুই পারের বাসিন্দাদের যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।’ইন্দোনেশিয়ার সিবেরাং নদীর দুই পারের দুটি গ্রামকে সংযুক্ত করতে ২০০৪ সালে সেতুটি নির্মাণ করা হয়। রয়টার্স।