আলোর পথে দক্ষিণ আফ্রিকা
অশিক্ষা, ক্ষুধা, দারিদ্র্য, জাতিগত বিদ্বেষ, দাঙ্গা, গৃহযুদ্ধ, স্বৈরশাসন—নানা সমস্যায় জর্জরিত আফ্রিকা। অবশেষে এই মহাদেশের অন্যতম দেশ দক্ষিণ আফ্রিকা থেকে কিছু ভালো খবর শোনা গেল। এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে দেশটির ধারাবাহিকভাবে সফলতা চোখে পড়ার মতো।বিশ্বের মাত্র শূন্য দশমিক সাত ভাগ মানুষের বাস দক্ষিণ আফ্রিকায়। অথচ বিশ্বের মোট এইডস আক্রান্ত রোগীর ১৭ ভাগেরই বাস এ দেশে। দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা প্রায় পাঁচ কোটি। এর মধ্যে প্রায় ৬০ লাখ মানুষ এইডস আক্রান্ত। ১৯৯৯ সাল থেকে দেশটির এইডস আক্রান্ত রোগীর সংখ্যা নাটকীয়ভাবে কমে আসছে। আর এর পেছনে যে বিষয়টি ‘টনিক’ হিসেবে কাজ করেছে তা হলো—জন্ম নিরোধকের (কনডম) যথাযথ ব্যবহার। সম্প্রতি, নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির এই দেশটিকে এইচআইভি/এইডস বেশ ভুগিয়েছে। এখন পর্যন্ত এইডসের শিকার হয়ে প্রায় ২৮ লাখ মানুষ অকালে মারা গেছে। এই ঘাতক রোগটি ২০০৫ সালের দিকে দিনেই প্রায় ৭০০ জন দক্ষিণ আফ্রিকাবাসীর প্রাণ কেড়ে নিত। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার পথে বসার উপক্রম হয়েছিল। ফলে সে সময় দেশটি কর্মক্ষম দক্ষ জনশক্তির তীব্র অভাব দেখা দিয়েছিল। শুধু তা-ই নয়, এইডসের কারণে ১০ লাখেরও বেশি শিশু মাতৃহারা হয়। ১৫ থেকে ৪৯ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার মানুষের মধ্যে শতকরা ১৭ জনই এইচআইভি পজিটিভ, যা সাব সাহারা অঞ্চলের মোট এইডস আক্রান্তদের তিন গুণেরও বেশি। দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার চার-পঞ্চমাংশ হলো কৃষ্ণাঙ্গ। সব বয়সের এই কালো মানুষের মোট ১৩ শতাংশই এইচআইভি পজিটিভ। অন্যদিকে, ভারতীয় আফ্রিকানদের মধ্যে তিন শতাংশ এবং এক শতাংশ শ্বেতাঙ্গ আফ্রিকান এইডস আক্রান্ত। গবেষণায় দেখা গেছে, গরিব কৃষ্ণাঙ্গরাই এইডসে বেশি আক্রান্ত হয়। এ জন্য অবশ্য সাংস্কৃতিক ভিন্নতার বিষয়টি বিবেচনায় আনা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ পুরুষেরা বাছবিচারহীন ও বেপরোয়া জীবন-যাপনে অভ্যস্ত। তারা একসঙ্গে একাধিক যৌনসঙ্গী রাখে। পতিতাবৃত্তি ও যৌন সহিংসতা কৃষ্ণাঙ্গদের এলাকায় বেশি দেখা যায়। জোহানেসবার্গের অদূরে সোয়েটোতে পরিচালিত জরিপে দেখা যায়, এক-চতুর্থাংশ স্কুলগামী ছেলে গণধর্ষণকে মজা ও কৌতুকের অংশ বলে মনে করে। এখনো অনেকে মনে করে কুমারী নারীর সঙ্গে মিলনে এইডস দূর হয়। এ ছাড়া কনডম ব্যবহারের প্রতি তাদের অনীহা আছে। তাদের অনেকেই বিশ্বাস করে, কনডম ছাড়া মিলন স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু, ব্রিটেনের রয়্যাল সোসাইটির ইন্টারফেস সাময়িকীর গত মাসের সংখ্যাটি বলেছে, আফ্রিকায় পরিবর্তনের হাওয়া লেগেছে। দেশটির জাতীয় জরিপে দেখা গেছে, পুরুষেরা যৌন সম্পর্কের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সচেতন। ১৯৯৯ সালে ১৬ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের ২০ শতাংশ কনডম ব্যবহার করত। ২০০৯ সালে এই হার দাঁড়ায় ৭৫ শতাংশে। জরিপে অংশ নেওয়া ব্রিটেন ও আফ্রিকার গবেষকেরা বলছেন, নাটকীয়ভাবে এইডস আক্রান্তদের সংখ্যা কমে যাওয়ার পেছনে রয়েছে সচেতনভাবে ভাইরাস প্রতিরোধক (অ্যান্টি রিট্রোভাইরাল) চিকিত্সা ও কনডমের ব্যবহার।অথচ, ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় এইচআইভি ভাইরাস প্রতিরোধক এই বিশেষ স্বাস্থ্য ব্যবস্থাটি পরিচিত ছিল না। এর পেছনে অবশ্য দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি অনেকটা দায়ী। তিনি মনে করতেন, এইচআইভি ও এইডসের মধ্যে কোনো সম্পর্ক নেই। বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার সময় সরকার বিষয়টি আমলে নিয়ে ব্যাপক ব্যবস্থা নেয়। সরকার নিজের দেশের ১৫ লাখেরও বেশি মানুষকে বর্তমানে ভাইরাস প্রতিরোধক চিকিত্সা দিচ্ছে। আক্রান্তরা এখন আগের চেয়ে বেশিদিন বাঁচবেন। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার মানুষের গড় আয়ু ছিল ৬৩ বছর। ২০০৫ সালে তা কমে দাঁড়ায় ৫৪ বছরে। তবে ২০১০ সালে আবার তা বেড়ে দাঁড়ায় ৫৮-তে। এইচআইভি/এইডস—দক্ষিণ আফ্রিকার প্রধান শত্রু। দেশটি অন্য যেকোনো সময়ের চেয়ে এখন এই শত্রুকে দারুণভাবে মোকাবিলা করলেও যুদ্ধ জেতা হয়নি। এখনো প্রতিদিন ৭০০-র বেশি মানুষ প্রাণ হারাচ্ছে এ রোগে। আর নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০। আশার কথা হলো শত্রু এখন পিছু হটছে।—দ্য ইকোনমিস্ট অবলম্বনে