আলোর পথে নূরজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপন আলোয় উদ্ভাসিত এক মানুষ নূরজাহান আক্তার। সুযোগ পেলে তিনিও হয়তো জ্বলে উঠবেন অনেকের মতো। একসময় নূরজাহানের পরিচয় গৃহকর্মী থাকলেও এখন তিনে উচ্চশিক্ষিত। পড়ছেন স্নাতকোত্তর শ্রেণীতে।ইতিমধ্যে প্রথম পর্ব উত্তীর্ণও হয়েছেন। ছোটবেলায় তাঁর দিন শুরু হতো কাকডাকা ভোরে উঠোন ঝাড়ু দিয়ে, থালাবাসন মেজে, ঘর মুছে। তবে কাজের মধ্যেই চালিয়ে যেতেন পড়ালেখা। ছিল না পড়ার কোনো চেয়ার-টেবিল। ভাগ্যে জোটেনি অন্য সব শিক্ষার্থীর মতো স্কুল-কলেজে পড়তে যাওয়ার সুযোগ, তার পরও নিয়মিত পড়াশোনা করে বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়েছেন ভালো ফল নিয়েই।কোনো পরীক্ষাই দ্বিতীয়বার দিতে হয়নি।আপন বলতে আছেন শুধু মা সালেহা বেগম, যিনি একই বাসায় কাজ করেন। মা-মেয়ে থাকেন ঢাকার মিরপুর ১ নম্বরে, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান বৃক্ষপালনবিদ শাজাহান মোহাম্মদ মহিউদ্দিনের বাড়িতে। সরেজমিন একদিনপঞ্চাশোর্ধ্ব একজন নারী দরজা খুললেন। প্রথম আলোর পরিচয় দিতেই কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপ করে বলেন, ‘বাবা, হুনছি আফনারা গরিব মানুষের লাইগা অনেক কিছু করেন। আমার মাইয়াডা জীবনে অনেক কষ্ট করেছে, আবার পড়ালেহাও করেছে। অহন হে মাস্টারে (মাস্টার্স) পড়ে, আরেকটা পরীক্ষা দিলেই হের পড়া শেষ।’ কথাগুলো শুনেই বোঝা গেল এই নারী নূরজাহানের মা সালেহা বেগম। রান্নাঘরের পাশে ছোট একটা ঘর। এই ছোট্ট ঘরে নূরজাহান ও তাঁর মায়ের বসবাস। ঘরের কাছে যেতেই দেখা যায়, নূরজাহান কাপড়চোপড় হাতে দাঁড়িয়ে আছেন। চোখে সম্ভাবনার নতুন দিগন্ত।স্পষ্ট তাঁর কথাবার্তা। শুনেই বোঝা যায়, পরিশ্রমের মানসিকতা, নতুনকে জানার কৌতূহল, সফলতা পাওয়ার আকুলতা আছে তাঁর মধ্যে। ঘরের ভেতরে পুরোনো একটি আলমারি ও ওয়্যারড্রোব, রয়েছে একটা ছোট বিছানা। এই বিছানায় বসেই ১৭ বছর ধরে পড়াশোনা করছেন নূরজাহান।কথা হয় মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘১৯৮২ সালে সালেহা বেগম আমাদের বাড়িতে কাজ করতে শুরু করেন। তাঁর স্বামীসহ পাশের বাসায় বসবাস করতেন।সালেহার স্বামী সৌদি আরবে চলে যান। তখন নূরজাহান তাঁর গর্ভে।হঠাৎ একদিন শোনা যায়, তাঁর আগের বউ আছে এবং তাঁরা সালেহার বিষয় জেনে গেছে। তাই সালেহার সঙ্গে সম্পর্ক রাখা অসম্ভব। তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখেননি। এর মধ্যে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে জন্ম হয় নূরজাহানের।সালেহা তাঁর মেয়েটার কথা ভেবে সব সময় মন খারাপ করে থাকতেন। তাঁর এ অবস্থা দেখে দুজনকেই আমার বাসায় থাকার সুযোগ দিই। অভয় দিয়ে বলি, তোমার মেয়েকে আমরা দেখব। এভাবেই বড় হতে থাকে নূরজাহান। এরপর যা করেছে নূরজাহান, তা নিজের চেষ্টায়।আমরা চাই, মেয়েটা নিজের পায়ে দাঁড়াক।’একদিন প্রতিদিননূরজাহানের দিন শুরু হয় সকাল ছয়টার আগেই।বললেন, ‘ঘুম থেকে উঠে প্রথমে উঠোন ঝাড়ু দিয়ে থালাবাসন ধুই। তারপর মেজো আপা অফিসে এবং ছোট আপার স্কুলে যাওয়ার জন্য জামাকাপড় ইস্ত্রি করি। নাশতা তৈরি করে টেবিলে সাজাই। জামাকাপড় ধুয়ে বিছানাপত্র গোছগাছ করি। এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হয়। বিকেলে প্রায় দুই ঘণ্টা সময় থাকে, তখন পড়াশোনা করি।’ আবার সন্ধ্যা থেকে ঘরের অন্যান্য কাজ সারেন মায়ের সঙ্গে মিলে। সব কাজ শেষ করতে রাত প্রায় ১১টা-সাড়ে ১১টা বেজে যায়। এরপর পড়তে বসেন নূরজাহান। ‘প্রতিরাত জেগেই পড়াশোনা করি। তবে বাড়িতে মেহমান থাকলে পড়ার সুযোগ ততটা থাকে না। পরীক্ষা থাকলে আরও ভোরে উঠে সব কাজ আগেই গুছিয়ে রাখি। আর যতটা পারি, আমার মায়ের কাজে সাহায্য করি। বয়স হওয়ায় এখন আর আগের মতো কুলায় না মায়ের শরীরে। আর নিজেকে সব সময় সুস্থ রাখার চেষ্টা করি। কারণ, আমি অসুস্থ হলে মায়ের ওপর কাজের চাপটা বেশি পড়বে।’নূরজাহানের পড়াশোনা নিয়ে গৃহকর্তা বলেন, ‘আমার মেজো মেয়ের সমবয়সী সে। ছোটবেলায় প্রায়ই দেখতাম, নূরজাহান আমার মেয়ের বইপত্র উল্টেপাল্টে দেখে।একদিন বলে, “আমার পড়তে খুব ইচ্ছে করে।” তখন কিছু বইপত্র ওকে কিনে দিই।’ সড়ক ও জনপথ শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে নূরজাহান পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওলিয়ার রহমান জানালেন, ‘আমাদের বিদ্যালয়ের এক শিক্ষিকা নূরজাহানকে এখানে ভর্তি করে দেন। মেয়েটি মেধাবী ছিল। সব শ্রেণীতেই এক থেকে তিনের ভেতর থাকত তার রোল নম্বর।’ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন পাইকপাড়া ডি টাইপ কলোনি উচ্চবিদ্যালয়ে। ২০০১ সালে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাস করেন।এরপর ভর্তি হলেন, মিরপুরের সরকারি বাঙলা কলেজে।২০০৩ সালে এইচএসসি পাস করলেন।‘প্রথমে বাড়ির কাউকে না জানিয়ে ডিগ্রিতে ভর্তি হই। পরে সবাই জানতে পারে। একই কলেজ থেকে ২০০৭ সালে দ্বিতীয় বিভাগে বিকম (পাস কোর্স) পাস করি। বর্তমানে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর শেষ বর্ষে পড়ছি।’ সালেহা বেগম বা মোহাম্মদ মহিউদ্দিনের পরিবার—সবাই নূরজাহানের চেষ্টা, পরিশ্রম আর অধ্যবসায়ে খুশি। তাঁদের এখন চাওয়া, নূরজাহান স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করুক, নিজের পায়ে দাঁড়াক।