আলোর পথে ‘পাতিল সাঁতার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই-পুস্তক পাতিলে। পরনের কাপড়? তাও পাতিলে। আর এর মালিকেরা? সব পানিতে! কারণ সাঁতরে বিল পার হয়েই তাদের প্রতিদিন স্কুলে যেতে হয়। প্রতিদিন মানে প্রতিদিন; এক দিন-দুই দিন নয়।জামালপুরের ইসলামপুর উপজেলার কাচীহারা আলাই পূর্বপাড়া গ্রামের শিশুশিক্ষার্থী এরা। গ্রামটির অবস্থান আলাই বিলের মাঝখানে। সারা বছর পানি থাকে বিলে, বর্ষায় তো অথৈ পানি। ওই গ্রামের সঙ্গে অন্য স্থলভাগের যোগাযোগের একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে গেছে।শুধু শিক্ষার্থীই নয়, গ্রামের প্রায় দুই হাজার বাসিন্দার যারাই বাইরে যাবে তাদের পথের একটা অংশ সাঁতরে যেতে হবে। রোগী পারাপার, হাট-বাজারে যাতায়াতসহ সব কাজেই গ্রামবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজন জানান, প্রায় ৩০০ শিক্ষার্থী গ্রামটি থেকে প্রতিদিন বের হয় স্কুলে যেতে। তারা কাচীহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাচীহারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।কলাগাছের ভেলা ছাড়া পারাপারের আর কোনো সুযোগ নেই গ্রামবাসীর। ভেলার জন্য কাটতে কাটতে গ্রামের কলাগাছ সাবাড়। দরিদ্র বলে নৌকা বানানোর সামর্থ্যও নেই।সরেজমিন গিয়ে জানা গেছে, ২০০৬ সালে আলাই পূর্বপাড়ার মুসলিমের বাড়ির সামনে থেকে পশ্চিম পারে হাজি জমশের আলীর বাড়ির সামনে পর্যন্ত প্রায় আড়াই শ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো বানানো হয়েছিল। বিএনপির নেতা মনু শেখ ও আওয়ামী লীগের নেতা লুৎফর রহমানের যৌথ উদ্যোগে সবার কাছ থেকে ৪৬৫টি বাঁশ নিয়ে গ্রামবাসী মিলে সাঁকোটি করেছিলেন। কিন্তু ২০০৮ সালেই তা ভেঙে যায়। গ্রামবাসী আর সেটি মেরামত করতে পারছে না।গত বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, আলাই পূর্বপাড়া গ্রামের বিদ্যালয়ের শিক্ষার্থী ছেলেমেয়েরা পাতিলের মধ্যে বই-খাতা, জামা-কাপড় নিয়ে সাঁতরে বিল পার হচ্ছে। এই গ্রামে বিদ্যুৎ আসেনি। তাই রাতে বিলের আঁধারে হারিয়ে যায় গ্রামটি। সকালে সেই গ্রামের শিক্ষার্থীরাই শিক্ষার আলো নিতে নেমে পড়ে পানিতে। ‘পাতিল সাঁতারে’ পার হয় বিল। পৌঁছায় স্কুলে।তৃতীয় শ্রেণীর ছাত্র ইউনূস বলল, ‘নয়টার দিকে আমরা রওনা হই। ১০টায় স্কুল শুরু হয়। দুই সেট কাপড় নিতে হয়। দুইটার দিকে আবার একইভাবে ফিরে আসি।’ ইউনূস দুই মাস আগে পানিতে ডুবে গিয়েছিল। পাড়ে অপেক্ষমাণ অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন।সপ্তম শ্রেণীর ছাত্রী দিলারা খাতুন বলল, ‘সাঁতরে বিল পার হওয়ার পর আমরা স্কুলের পাশের একটি বাড়িতে গিয়ে কাপড় বদল করি। তার পর স্কুলে যাই।’ দিলারা জানায়, এই বিড়ম্বনার জন্য অনেকে স্কুল কামাই করে। অনেকে কদিন পরপরই সর্দি-জ্বরে পড়ে। শিক্ষার্থীরা জানায়, মাঝখানের দুই বছর ছাড়া তারা পাতিল সাঁতার দিয়েই সারা বছর স্কুলে আসা-যাওয়া করছে।স্থানীয় লোকজন জানান, অনেকে ভালো করে সাঁতরাতে পারে না। তারা পাতিল ধরে সাঁতার কাটে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যারা পড়ে তাদের অভিভাবকেরা ভেলা বা নিজেরা সঙ্গে করে বিল পার করে দেন। দুপুরে আবার একইভাবে তাদের নিয়ে আসেন।কৃষক আবুল হাশেমের মেয়ে আলিয়া খাতুন দ্বিতীয় শ্রেণীতে পড়ে। হাশেম বললেন, ‘বড়গরে সমস্যা তো আছেই। পোলাপানগরে নিয়া আমরা বেশি চিন্তাতে পড়ি। ডেসকির মধ্যে বই-জামা-কাপড় নিয়া মেলা কষ্ট কইরা পার হয় অরা। বই-খাতা ভিজা যায়। অসুস্থ অয়। বাঁশের সাঁকটা ঠিক করলেও পোলাপানগুলা পার হবার পাইত।’ ইসলামপুরের এক মাদ্রাসার ছাত্র এনামুল হক বলল, ‘১২ বছর ধরে সাঁতরিয়ে বিল পার হই।’কাচীহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দবির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আলাই বিলে সারা বছরই পানি থাকে। বর্ষাকালে বেশি সমস্যা হয়। শিক্ষার্থীরা পাতিল ধরে সাঁতার কেটে পার হয়। তাদের বই-খাতা ভিজে নষ্ট হয়। বর্ষাকালে প্রায় ছয় মাস লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে।’কাচীহারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান বললেন, ‘ওই গ্রাম থেকে ২০০-র বেশি ছেলেমেয়ে আমার স্কুলে আসে। মেয়ে শিক্ষার্থীদের তো বিড়ম্বনার শেষ নেই। প্রতিদিনই শিক্ষার্থীরা বলতে গেলে নাজেহাল হচ্ছে।’ তিনি বলেন, এখানে স্থায়ীভাবে সেতু নির্মাণ করা দরকার। আপাতত বাঁশের সাঁকোটি মেরামত করলেও সবাই উপকৃত হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন সরকার জানিয়েছেন, ভাঙা সাঁকোটি মেরামতের জন্য ইউনিয়ন পরিষদ থেকেও ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। তিনিও মনে করেন, স্থায়ী সেতু নির্মাণ করা খুবই জরুরি। নির্বাচনের আগে সাংসদ মো. ফরিদুল হক খান এখানে সেতু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, আলাই পূর্বপাড়া গ্রামটি ইসলামপুর সদর থেকে খুব কাছের হলেও অবহেলিতই রয়ে গেছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই গ্রামে একটি সেতু স্থাপনের প্রস্তাব সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে তা এখনো অনুমোদন পায়নি।