আলোর পাশেই অন্ধকার
বগুড়া ধুনটের পৌর ভবনের পাশেই বিদ্যুৎবঞ্চিত ৬০০ পরিবার অন্ধকারে ডুবে আছে। পৌরসভা গঠনের পর থেকে নিয়মিত পৌরকর পরিশোধ করেও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে সদর ইউনিয়নের মধ্য থেকে কয়েকটি গ্রাম নিয়ে ধুনট পৌরসভা গঠিত হয়েছে। পূর্ব ভরনশাহী, পশ্চিম ভরনশাহী, সদরপাড়া, থানাপাড়া, অফিসারপাড়া, জিঞ্জিরতলা, দাসপাড়া, সরকারপাড়া, চরধুনট ও চরপাড়ার কিছু অংশ নিয়ে ধুনট পৌরসভা গঠন করা হয়। নয়টি ওয়ার্ড নিয়ে ধুনট পৌরসভা গঠনের পর ১০ বছর পেরিয়ে গেছে। অথচ প্রতিটি ওয়ার্ডের অনেক বাড়িতে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। বিশেষ করে পৌর ভবনের পাশেই ভরনশাহী গ্রামের ৬০০ পরিবার এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছে। বৈদ্যুতিক সংযোগ না পাওয়ায় তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার থেকে পিছিয়ে পড়ছে। তা ছাড়া ওই সব পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়া করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ওই গ্রামের সেজাব উদ্দীন বলেন, ‘আমরা অনেক দিন ধইরা বিদ্যুতের জন্য অপেক্ষা করতে ছিলাম। না পাইয়া এখন বিকল্প ব্যবস্থা নিছি। পৌরসভা হওয়ার পর থেকেই আমরা নিয়মিত পৌরকরসহ সকল প্রকার পৌর আইন মানছি। কিন্তু পৌর নাগরিক হিসেবে আমরা সুবিধা থেকে বাদ পড়ছি। অনেকবার এসব বিষয় নিয়ে পৌর কাউন্সিলর ও মেয়রের কাছে আবেদন করছি, কিন্তু কোনো কাজ হয়নি। তাই পাড়ার লোকজনের সহযোগিতায় বৈদ্যুতিক জেনারেটরের সাহায্যে গ্রামের প্রতিটি বাড়িতে আলো জ্বালাচ্ছি। তবে এতে খরচ বেশি হচ্ছে।’ গৃহবধূ আলেয়া খাতুন বলেন, ‘আমাইগরে এই পাড়ায় আগে থেকেই বিদ্যুৎ নাই, বৃষ্টির পানি তাড়াতাড়ি নাইমা যাওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। পৌরসভার টেকা আমরা ঠিকমতোই দেই। কিন্তু আমরা ভালো কোনো সুযোগ-সুবিধা পাই না।’পৌরসভার মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল বলেন, ‘আমার পৌরসভায় এখনো নয় কিলোমিটার বিদ্যুতের প্রয়োজন রয়েছে। অনেক বাড়িতে এখনো বিদ্যুতের আলো জ্বালাইতে পারি নাই। আমি মেয়র হওয়ার পর থেকে নতুন কোনো বরাদ্দ দেওয়া হয় নাই। আমি অনেকবার বিষয়টি নিয়ে পল্লি বিদ্যুতের ওপরমহলের সাথে কথা বলেছি। তারা আমাকে বিদ্যুৎ দিতে চেয়েছিল, কিন্তু নতুন কোনো বরাদ্দ না থাকায় কাজ করতে পারি নাই। বরাদ্দ পেলে তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করে দিব।’