আলোর বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্জিকার পাতায় বর্ষা যাই যাই করছে। কিন্তু আকাশে মেঘের চিহ্ন নেই। খাঁ খাঁ রোদ্দুরে পুড়ে যাচ্ছে চরাচর। বাতাসে ভেসে আসছে ধুলো আর বালু। তৈরি হতে থাকা বাড়িটার ওপর-নিচ থেকে ভেসে আসছে লোহা আর হাতুড়ির দ্বন্দ্বযুদ্ধের আওয়াজ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, এই বাড়িতে মানুষ বসবাস করে।কিন্তু সিঁড়ি ভেঙে কয়েক তলা ওপরে উঠতেই বদলে যায় দৃশ্য। দরজা খুলে স্মিত হেসে সামনে দাঁড়ান শ্মশ্রুমণ্ডিত সৌমকান্তি এক পৌঢ়। পেছন থেকে উঁকি দেয় একগাদা ট্রফি। চোখে পড়ে হাসিমুখে ট্রফি হাতে নিতে থাকা এক যুবকের বিশালাকৃতির ছবি।এখন দিব্যি বোঝা যায়, এই বাড়িতে মানুষ থাকেন। এই বাড়িতে থাকেন বর্তমান বাংলাদেশের সফলতম মানুষের একজন সিদ্দিকুর রহমান। বাংলাদেশে গলফে নতুন যুগ সৃষ্টি করা সিদ্দিকুর থাকেন এই বাড়িতে।তখন সিদ্দিকুর বাড়িতে ছিলেন না। ব্রুনাইয়ে একটা শিখর জয় করে মালয়েশিয়ায় আরেকটা চূড়ায় ওঠার চেষ্টা করছিলেন। তাতে সিদ্দিকের বাড়ি চিনতে কোনো সমস্যা হলো না। ফাঁকা রাস্তা ধরে হাঁটতে থাকা একজনকে জিজ্ঞেস করায় তিনি মুখে একটু হাসি এনে বললেন, ‘প্লেয়ার সিদ্দিক? উই যে উই বাড়িতে থাকে।’দরজা খুলে দেওয়া সিদ্দিকের বাবা মোহাম্মদ আফজাল হোসেন লাজুক হেসে বললেন, ‘এই বাড়িতে আসছি মাস দেড়েক হবে। এরই মধ্যে সবাই চিনে ফেলেছে। সব ওই ছেলেটার জন্য।’হ্যাঁ, সব ওই ছেলেটা, সিদ্দিকের জন্য। এই বাংলাদেশের নাম গলফের জগতে একটু চেনা চেনা লাগছে এখন সিদ্দিকের জন্য, এই দেশটা আরেকবার হাসতে পারছে তাঁর জন্য, দেশের মানুষের কাছে গলফ শব্দটা একটু পরিচিত হয়েছে সিদ্দিকের জন্য। সিদ্দিকের জন্য সবচেয়ে বেশি বদলে গেছে আফজাল হোসেনের পারিবারিক জীবন।মাদারীপুরের আফজাল হোসেন তাঁর দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে ঢাকায় এসেছিলেন সেই স্বাধীনতার পরপর; স্রেফ পেটের দায়ে। কখনো ট্যাক্সি, কখনো অটোরিকশা চালাতেন। ঢাকা শহরের খানিকটা বাইরে ধামালকোট বলে একটা জায়গায় বস্তিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। ওখানেই সংসারে এল আরও দুই ছেলে।জায়গাটার ‘সুনাম’ ছিল সন্ত্রাস আর নেশার আড্ডা হিসেবে। আফজাল সাহেবের দুশ্চিন্তা শুধু, ছেলেগুলো অসৎসঙ্গে বখে না যায়! সংসারের দুশ্চিন্তা তো যায় না। তবে ছেলেদের ‘বখে যাওয়া’ বিষয়ে দুশ্চিন্তা গেল পাশের বাড়ির একটি ছেলের কল্যাণে। ছেলেটি একদিন এসে বলল, ‘চাচা, ওদের গলফ ক্লাবে নিয়ে যাই। বল কুড়িয়ে কিছু টাকা পাবে।’ সেই শুরু, তার পর থেকে দ্রুত কেমন আফজাল সাহেবের দুনিয়াটা বদলে গেল। কী কী হয়, সবকিছু টেরও পান না। তবে টের পান ছেলেগুলো, বিশেষ করে মেজো ছেলে সিদ্দিক নতুন কী এক খেলা নিয়ে মেতে উঠেছে।আফজাল হোসেনের দুশ্চিন্তা তো কমল। কিন্তু মনোয়ারা বেগম? চুপ করে পুরোনো গল্প শুনতে থাকা সিদ্দিকের মা মনোয়ারা বেগম অতি নিচু কণ্ঠে বলে ওঠেন, ‘ছেলেগুলা তিনবেলা ঠিকমতো খাইতেও পাইত না। স্কুল থেকে আইসাই আবার ক্লাবে ছুটত। আমি বলতাম, ‘‘বাবা, ঘরে তো খাওয়ার কিছু নাই।” সিদ্দিক একটুও মুখ কালা করত না। বলত, ‘‘সমস্যা নাই, আম্মা’’।’সামনে খাবার টেবিলে থরে থরে সাজানো খাবার। নতুন বাসার সব জায়গা থেকে সচ্ছলতা ফুটে বেরোচ্ছে। সিদ্দিকের মা আর বাবার দুই চোখ দিয়ে দরদর করে জল পড়ছে পুরোনো সেই খেতে না পাওয়া দিনের কথা মনে করে।সিদ্দিকের বাবা নিজেকে একটু সামলে নিয়ে বলেন, ‘যত কষ্টই থাক, সিদ্দিকের মুখে সব সময় হাসি থাকত। এখনো এই যে কত কষ্ট করে আসে দেশের বাইরে থেকে, বাসায় এসে শুধু হাসে।’পরিবেশটা একটু হালকা হয়। সিদ্দিকের মা হেসে বলেন, ‘বিদেশ থেকে আসার সময় যা চোখে পড়ে কিনে আনে। তার ভাবিদের জন্য, ভাতিজা-ভাস্তিদের জন্য, ভাইদের জন্য আনে। আমার জন্য কত্তগুলো শাড়ি আর চাদর যে আনছে! আর পাঞ্জাবির কাপড় দেখলেই হইছে, ওর আব্বার জন্য নিয়ে আসবে।’সুখের সংসার। সফল সিদ্দিকের সুখী মা-বাবা বর্তমানে ফেরেন। এই বর্তমানে কোনো অপ্রাপ্তি নেই। ছেলের কল্যাণে অনেক দিন হলো অবসরে গেছেন আফজাল হোসেন। হেসে বলেন, ‘ওই যে পাকিস্তান থেকে কী একটা জিতে আসল, তার পরই বলল, ‘‘আব্বা, আপনার আর গাড়ি চালাতে হবে না। কখন কী ঘটে যায়।’’ আমি তাই কাজ ছেড়ে দিয়েছি। এখন বেশির ভাগ সময় মাদারীপুরে দেশের বাড়িতে থাকি। ওখানে বসে শুধু আল্লাহর কাছে শোকর আদায় করি। আর ও দেশে ফিরলে বা কিছু জিতলে ঢাকায় চলে আসি। সাংবাদিকেরা আসে, কত কথা জানতে চায়!’সাংবাদিকেরা সত্যিই অনেক কিছু জানতে চান—সিদ্দিক কী জিতল, কোথায় জিতল? সব ঠিকমতো বুঝে উঠতে পারেন না আফজাল সাহেব বা মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম লাজুক হেসে বলেন, ‘খেলাটা কী ঠিকমতো বুঝি না। বুঝি আরেকটা ট্রফি জিতছে। অনেক টাকা নাকি পাইছে।’সিদ্দিকের বাবা পাশ থেকে বলেন, ‘খেলার নিয়ম আমিও বুঝি না। বুঝে কাজ কী? ও যে ভালো খেলতেছে, তাতেই আমি খুশি। ওর জন্য দেশের লোক আনন্দ করতেছে, এর চেয়ে বেশি আমার আর কিছু লাগবে না।’তা-ই হোক। সিদ্দিকের মা-বাবা তাঁর ছেলের ‘ভালো থাকা’ নিয়েই খুশি থাকুন। আর ইতিহাস গড়তে থাকা সিদ্দিকের সাফল্যের হিসাব কষার জন্য আমরা পুরো দেশের লোক তো রইলাম। সিদ্দিক তো এখন ষোল কোটি মানুষের!