আলোর বিশ্বকাপ
শঙ্কা ছিল, ছিল প্রত্যাশাও। বাংলাদেশে প্রথম বিশ্বকাপ। শঙ্কা তাই এর সুষ্ঠু আয়োজন নিয়ে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ধারাবাহিক ভালো পারফরম্যান্স শঙ্কার মধ্যেও জাগাচ্ছিল প্রত্যাশা। দেশের মাটির বিশ্বকাপটা নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। চাওয়া-পাওয়ার সে হিসাব কি মিলল বিশ্বকাপ শেষে? লিখেছেন তারেক মাহমুদ কে বেশি সফল? সাকিব আল হাসান, নাকি আ হ ম মোস্তফা কামাল?বিশ্বকাপটা ছিল দুই জনের জন্য দুই রকম। একজন বিশ্বকাপ খেললেন মাঠে। আরেকজন মাঠের বাইরে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের লড়াই ছিল ব্যাটে-বলে। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ছিল। সেটা যদি নাও হয়, অন্তত ভালো খেলতে হবে। বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল বিশ্বকাপ খেললেন মাঠের বাইরে। আয়োজনের বিশ্বকাপ। সাংগঠনিক দক্ষতা দেখানোর বিশ্বকাপ। বহির্বিশ্বে বাংলাদেশকে ক্রিকেট-জাতি হিসেবে তুলে ধরার বিশ্বকাপ।সাকিব আল হাসান লক্ষ্য পূরণের মগডালে উঠতে পারেননি। কখনো ভালো। কখনো খারাপ, খারাপটা আবার একেবারেই খারাপ—সংক্ষেপে এই ছিল সাকিব আর তাঁর দলের বিশ্বকাপ। এমনিতে আয়ারল্যান্ড আর হল্যান্ডকে হারানোটাই বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশিত প্রাপ্তি ছিল। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ যে চমক জাগানো ক্রিকেট খেলছিল, তাতে বিশ্বকাপের সময় প্রত্যাশার পারদটা উঠে গেল অনেক উঁচুতে। সাকিবরা মুখ ফুটে বড় কথা বলেননি। তবে ভাবে-সাবে বোঝালেন, চাইলে সবই সম্ভব। দর্শক-সমর্থকেরা তাতে আন্দোলিত হলো। স্বপ্ন দেখা শুরু হলো, বাংলাদেশের মাটিতে প্রথম বিশ্বকাপে বাংলাদেশ দুরন্ত খেলে দুঃসাহসী কিছু করে বসবে। কোয়ার্টার ফাইনাল তো বটেই, এরপর বিশ্বকাপটা যখন কেবলই ‘একটাই তো ম্যাচ’-এর ব্যাপার, সেমিফাইনাল...ফাইনালও কেন নয়?বেলুন যত ফোলে, বেলুন ফুটলে তত জোরে শব্দ হয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে অলআউট হওয়াটা সশব্দে ফাটিয়ে দিল প্রত্যাশার বেলুন। এ কী হলো! কোথায় বাংলাদেশ গ্রুপের বড় দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে ধরিয়ে দেওয়ার নকশা আঁকল, সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই এমন ধরা খাওয়া! আশায় সবার বুক এতটাই স্ফীত হয়ে ছিল যে স্বপ্নের মধ্যে যুক্তি হারিয়ে গেল। বিশ্বকাপে হওয়াটা হয়তো ঠিক হয়নি, কিন্তু এ ধরনের ঘটনা যে ক্রিকেটেই ঘটে, সেটা কেউ মানতেই চায় না। সাকিবের বাড়িতে ঢিল পড়ল। আরেক ভুল ঢিলে তো ক্রিস গেইলের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়! টুইটারে কী কী লিখে বিশ্বকাপের নিরাপত্তার মধ্যেই একটা ভজঘট পাকিয়ে দিলেন। তা নিয়ে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত পর্যন্ত জবাবদিহির কাঠগড়ায়!ভাগ্য ভালো, গেইলের টুইট বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উৎসবমুখর আবহটাকে খুব বেশি ‘টুইস্ট’ করতে পারেনি। মানুষের ক্ষোভ-টোভ যা ছিল নিজেদের ক্রিকেটারদের ওপর। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে একটা বড় দলকে হারানোর কোটা পূরণ এবং পরের ম্যাচে ডাচদের হারানোয় সে ক্ষোভের আগুন সাময়িক নিভল। বিশ্বকাপ স্বপ্নের পালে দোলা দিল আবার। সামনে কত না সমীকরণ! ওয়েস্ট ইন্ডিজ যদি হেরে যায় ইংল্যান্ডের কাছে...শেষ ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকাকে বানিয়ে দেওয়া যায় ‘চোকার্স’!স্বপ্ন আবার পাখা মেলে। মুখও থুবড়ে পড়ে। ঢাকায় ফিরে বাংলাদেশই বরং ‘চোকার্স’! এবার অলআউট ৭৮ রানে! ক্রিকেটে এটা হতেই পারে, এক শ’র নিচে অলআউট হওয়ার ঘটনা দশ বছরে একবার ঘটে ইত্যাদি ইত্যাদি বলে ৫৮ জনিত সমালোচনাটাকে তবু কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে। কিন্তু ১০ বছর তো অনেক দেরি, ১০ দিনের মধ্যে ৭৮-এ অলআউটের লজ্জায় ডোবার পর কোনো ব্যাখ্যাতেই আর কাজ হয় না। সাকিবরা বলতে থাকলেন, ‘চাপে ভেঙে পড়েছি।’ কোচ বললেন, ‘এদের আত্মবিশ্বাস নেই।’ জ্বালা তাতে বাড়ে। শুরু হয় আলো ভেবে আলেয়ার পেছনে ছোটার আক্ষেপ।বিশ্বকাপে বাংলাদেশের জয়-পরাজয় ফিফটি-ফিফটি। জয়ের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে বীরের মতো জয়ও আছে। কিন্তু যে বিশ্বকাপে ৫৮ আর ৭৮ আছে, সে বিশ্বকাপে এতটুকুন প্রাপ্তি মানুষ মনে রাখবে কেন? ক্রিকেটকে যারা অন্ধের মতো ভালোবাসে, তাদের বুকে বড় বেদনা। বাংলাদেশ পারল না, আশা পূরণ করল না! যারা ক্রিকেটটাকে চোখ-কান খুলে জানে, ক্রিকেটীয় ইতিহাস এবং দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করে, তারা আবারও আশায় বুক বাঁধে। আরেকটা বিশ্বকাপ তো চার বছরই পরেই...।সাকিব আল হাসান আর তাঁর দলের বিশ্বকাপটা তাহলে সাফল্যের হলো, না ব্যর্থতার? যারা গ্লাসের অর্ধেকটা খালি দেখে, তারা বলবে ব্যর্থতার। যারা দেখে, না তো! গ্লাসটা তো অর্ধেক পানি ভরা, তাদের জন্য সাফল্যের।বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এমন এক ব্যক্তির নেতৃত্বে, যিনি দেশে ক্রিকেট ছাড়াও আরও অনেক কারণে আলোচিত-সমালোচিত। অর্থনীতিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রধান থেকে শুরু করে আ হ ম মোস্তফা কামাল দেশে-বিদেশে, খেলায়-রাজনীতিতে ঠিক কতগুলো পদ নিয়ে আছেন গুনেও বলা মুশকিল। তবে ক্রিকেটের সৌভাগ্য, ক্রিকেটের প্রতি ভালোবাসা কিংবা যেকোনো কারণেই হোক, এত ব্যস্ততার মধ্যে তিনি সম্ভবত ক্রিকেটকেই সবচেয়ে বেশি সময় দেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশে সফল বিশ্বকাপ আয়োজনের কৃতিত্বের বিলি-বণ্টন মোস্তফা কামালকে দিয়েই শুরু করতে হবে। বিশ্বকাপের আগে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কার কমতি ছিল না। স্টেডিয়ামের কাজ সময় মতো শেষ হবে তো? রাস্তাঘাটের কী হবে? আর ট্র্যাফিক জ্যাম! বিশ্বকাপ শেষ হওয়ার পর মনে হচ্ছে, খামোখাই এসব নিয়ে ভেবে ঘুম হারাম হয়েছিল। বাংলাদেশ আসলেই সব সম্ভবের দেশ।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় সাফল্য, বিশ্বকাপটাকে তারা জনগণের বিশ্বকাপ করতে পেরেছে। এ ক্ষেত্রে চুম্বকের মতো কাজ করেছে নগর সজ্জা আর লাল-নীল বাতি। এ দেশে অনেক মানুষকে একসঙ্গে জড়ো করার সহজতম উপায় হলো বাতির সৌন্দর্য ছড়িয়ে দেওয়া। যত রং, যত আলো তত মানুষ। আর কিছু নেই—এমন একটা জায়গায়ও কিছু বাতি লাগিয়ে দিলেই দেখবেন কত মানুষ সেটা দেখতে আসে। সেখানে এ তো সিঙ্গাপুর থেকে আনা বিশ্বকাপের বাতি! বিশ্বকাপের প্রথম প্রথম শুধু রাস্তায় লাগানো লাল-নীল বাতি দেখতেই গভীর রাতে রাজপথে নেমে আহা-উহু করেছে মানুষ।মানুষের আর দোষ কী? প্রায় সবকিছুতেই অন্ধকারে ছেয়ে থাকা দেশটাতে বিশ্বকাপই তো উৎসবের বাতি জ্বালল! উদ্বোধনী অনুষ্ঠানের আগের রাতে শুরু হওয়া বিশ্বকাপ উৎসব দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের শেষ ম্যাচ পর্যন্ত মহাসমারোহে টিকে থাকল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে মানুষের ঢল, টিকিট না পেয়েও উদ্বোধনী অনুষ্ঠানের রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরে হাজার হাজার মানুষের সুশৃঙ্খল উৎসব বাংলাদেশকে ক্রিকেটামুদে দেশ হিসেবে পরিচিতি দিয়েছে। ক্রিকেটটা এখন যাদের কাছে খেলার চেয়ে পণ্য হয়ে উঠেছে বেশি, সেই আইসিসিকে আরেকবার জানানো গেছে, এ দেশে ক্রিকেটের বাজার কত বড়।এদিক দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ দলের চেয়ে মোস্তফা কামালের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক ইঞ্চি হলেও এগিয়ে। তবে মাঠ এবং মাঠের বাইরের বিশ্বকাপটাকে মিলিয়ে দিলে সাফল্য-ব্যর্থতা সমান সমান। সাকিব-তামিমদের পারফরম্যান্সের খারাপের দায় যেমন পরিকল্পনা করে এগোতে না পারা বোর্ডকে নিতে হবে, তেমনই ক্রিকেট বোর্ডের সাফল্যের ভাগ ক্রিকেটারদেরও প্রাপ্য। বিশ্বকাপটা বাংলাদেশে অনেক বড় উৎসবের উপলক্ষ হতে পারে—শত সীমাবদ্ধতার মধ্যেও এই আশা তো ক্রিকেটাররাই ছড়িয়েছিল!