‘বদলে দেওয়ার অঙ্গীকারে নেমেছি আজ আলোর মিছিলে’—এ স্লোগানকে ধারণ করে প্রথম আলোর ১৩ বছর পূর্তি উত্সবের মিলনমেলা শেষ হয়েছে। দেশের বরেণ্য ব্যক্তি আর তারকা শিল্পীদের উপস্থিতিতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বেলা সাড়ে তিনটায় শুরু হয় এ মিলনমেলা। তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে শুভেচ্ছা জানান মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক ডা. এম আর খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ আবুল মকসুদ, সালমা খান, হাবিবুল বাশার, মোহিত কামাল, ইলিয়াস কাঞ্চন, রাশেদা কে চৌধুরী, বিপাশা হায়াত ও রিয়াজ।আনিসুল হকের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে আরও ছিলেন—রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সুরের ধারা, এস আই টুটুল, আসিফ আকবর, মাহমুদুজ্জামান বাবু, সজীব, দিনাত জাহান, ইবরার টিপু, মুহিন, পুলক, সাব্বির, নিশিতা, নওরীন এবং রেনেসাঁ, আরফিন রুমী ও তাঁর দুরবীন।শুভেচ্ছা বক্তব্যে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, ‘প্রথম আলোর দুটি জিনিস আমার ভালো লাগে। প্রথমত, ইতিবাচক সংবাদ। রিকশাচালক জয়নালের মতো এক রিকশাচালক তাঁর সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি হাসপাতাল গড়ে তুলছেন—তা দেখে মনটা উজ্জীবিত হয়ে উঠে। মনে হয় আমরাও পারি। আর দ্বিতীয়টি হলো, প্রথম আলো অনেক ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করে।’ উদাহরণ দিতে গিয়ে তিনি র্যাবের গুলিতে পা হারানো লিমনের কথা বলেন।নারী আন্দোলন কর্মী সালমা খান প্রথম আলোর বিশেষ থিম ‘স্বপ্নের স্বদেশ’ প্রসঙ্গে বলেন, ‘ঠিক এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু প্রযোজ্য আমাদের জন্য হতো না। আমরা স্বপ্ন দেখেছি স্বাধীন বাংলাদেশের। তারপর কোথায় যেন আমরা থেমে গেছি। আমাদেরকে, বিশেষ করে তরুণদের স্বপ্ন হতে হবে আকাশ ছোঁয়ার। আমাদের তরুণেরা স্বপ্ন দেখে হিমালয় জয় করেছে, আমাদের দেশের নাগরিক বিশ্ব জয় করে নোবেল পুরস্কার এনেছেন। আমাদের দেশের বিশিষ্টজন পৃথিবীর সবচেয়ে বড় সহায়ক সংস্থা ব্র্যাকের মতো একটি প্রতিষ্ঠান সৃষ্টি করে পৃথিবীকে দেখিয়েছে আমরা স্বপ্নকে বাস্তব করতে পারি। এ দেশকে বদলে দিতে হলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। কারণ, সেই স্বপ্নে মাধ্যমেই আমরা সেই সৃজনশীল চিন্তা-চেতনাকে আবিষ্কার করব।’বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘প্রথম আলোর সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু আমি খারাপ খেললেও প্রথম আলো সমালোচনা করতে ছাড়েনি। এখানেই তারা ব্যতিক্রম। প্রথম আলো সব সময় সত্যের সঙ্গে থাকে।’বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘প্রথম আলোর প্রতিটি জন্মদিন একইভাবে আসে না। পূর্ববর্তী জন্মদিনের চেয়ে পরবর্তী জন্মদিন আরও উন্নত, সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। এক বছরে তারা আরও এগিয়ে যায়। মানুষকে আরও সমৃদ্ধ করে। প্রথম আলোর এই যে উজ্জ্বল চরিত্র সেটা এক অনন্য বিষয়। বলা হয় প্রথম আলো নিরপেক্ষ। যারা প্রথম আলোর প্রশংসা করেন এবং নিন্দা করেন তাঁরাও বলেন, এটা নিরপেক্ষ পত্রিকা। তবে আমি মনে করি, এ কাগজ নিরপেক্ষ নয়। প্রথম আলো রয়েছে নারীর পক্ষে, তরুণদের পক্ষে, সংখ্যালঘুদের পক্ষে, নির্যাতিত-নিপীড়িত-অসহায় মানুষের পক্ষে। প্রথম আলো এখন জাতির ৭০ ভাগ চেতনা, আবেগ-অনুভূতি ধারণ করছে। এটা খুব সহজ কাজ নয়। এটা আগামীতে ক্রমাগত আরও বাড়বে।’বিচারপতি হাবিবুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে, ‘সবাইকে শুভেচ্ছা জানান।’মোহিত কামাল, সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অভিনেত্রী বিপাশা হায়াত, চিত্রনায়ক রিয়াজ ও ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে শুভেচ্ছা জানান।নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। তাই আমিও প্রথম আলোর সঙ্গে আছি।’প্রথম আলো ওয়েবসাইট, প্রথম আলো ব্লগ, ই-প্রথম আলোতে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। প্রায় ৭০ হাজার পাঠক ও শ্রোতা এ অনুষ্ঠান অনলাইনে উপভোগ করেছেন।