আল্লাহ আমাকে দিয়ে উন্নয়ন করাতে চান: শামীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমান বলেছেন, ‘সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, তাতে আমার বিশ্বাস, আল্লাহ আমাকে দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করাতে চান। যদি নতুন করে কোনো ষড়যন্ত্র না হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।’শামীম ওসমান গতকাল দুপুরে তাঁর নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এখনো জঙ্গি হামলার আশঙ্কা আছে বলে দাবি করেন শামীম ওসমান। গত ৩৮ দিনে কখনো সেনা মোতায়েনের দাবি না জানালেও নির্বাচনের শেষ মুহূর্তে এসে সেনা মোতায়েনেরও দাবি করেছেন শামীম ওসমান। শামীম ওসমান বলেন, ‘অনেকেই বলছে সেনা মোতায়েন না করায় আমি নাকি খুশি হয়েছি। কিন্তু আসলে আমি জঙ্গি হামলার আশঙ্কা করছি। তাই আমি সেনা মোতায়েন দাবি করছি।’ নির্বাচন কমিশন বলেছে, জঙ্গি হামলার আশঙ্কা প্রমাণিত না হলে আপনার প্রার্থিতা বাতিল করা হবে—এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? জবাবে শামীম ওসমান বলেন, ‘আমি আমার আশঙ্কার কথা বলেছি। আমি এটা বলতেই পারি। কিন্তু এ কারণে আমার প্রার্থিতা বাতিল হবে সেটি হতে পারে না। আমি নির্বাচন কমিশনে এ ব্যাপারে চিঠি দেব।’জঙ্গি হামলার আশঙ্কা কেন করছেন—জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘আশঙ্কা শেষ হয়নি। ২০০১ সালের ১৬ জুন আমার ওপর বোমা হামলা হয়েছিল। এতে ২০ জন প্রাণ হারান। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তখন আমি দেশবাসীকে বলেছিলাম, বাংলাদেশে জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠী সক্রিয়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে তারা মারতে পারে। আমি দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। কারণ, তাঁকে মারার জন্য এ চক্র সক্রিয়। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। তিনি প্রাণে বেঁচে গেলেও ২৩ জন শহীদ হন।’শামীম ওসমান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এখন কি আমার মরে জীবন দিয়ে প্রমাণ করতে হবে জঙ্গি হামলার আশঙ্কা আছে?’