আল্লাহর আইন কায়েমের জন্য জিহাদ করা ফরজ: আজহার
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আল্লাহর আইন, কোরআনের বিধি-বিধান কায়েমের জন্য জিহাদ করা সব মুসলমানের জন্য ফরজ। এ জন্যই আল্লাহ নবী-রাসুলদের পাঠিয়েছেন আর তাঁরাও সর্বোচ্চ চেষ্টা করেছেন। আজ শনিবার পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে পল্টন থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।আজহারুল ইসলাম বলেন, জিহাদের সঙ্গে হত্যা, বোমাবাজি বা তলোয়ারের সম্পর্ক নেই। জিহাদ মানে শক্তি প্রয়োগ, হত্যাকাণ্ড, বোমাবাজি নয়। যারা এসব বলে, তারা ইসলাম বোঝে না অথবা ইচ্ছাকৃতভাবে বলে। মানুষকে কথা বলে বোঝানোও জিহাদ হতে পারে।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, সমাজে যখন আল্লাহর আইন থাকে না, তখন সব মুসলমানদের জন্য ফরজ কাজ হচ্ছে আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করা। আল্লাহ বলেছেন, এটা করলেই হাশরের ময়দানের আজাব থেকে রক্ষা পাওয়া যাবে। তিনি বলেন, যারা রাজনীতি আর ধর্মকে আলাদা মনে করে, তারা ভুল বলে।এ টি এম আজহার বলেন, কোরআন মানে সমাজ-রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর নির্দেশনামা। এটা মুখস্থ করার বিষয় নয়। সুর করে পড়াও এর তাত্পর্য নয়। শুধু তেলাওয়াত করলেই চলবে না। সমাজ ও রাষ্ট্রে কোরআনের কথা বাস্তবায়ন করতে হবে।