আশঙ্কা এবং আমাদের করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও এর আশপাশে ১৮৫৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত পাঁচটি বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, যার প্রতিটির মাত্রা ৭-এর অধিক। এ ছাড়া ১৭৬২ সালে একটি এবং ১৯৩৪ ও ১৯৬০ সালে ভারতে ৮ দশমিক শূন্য মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে; যাতে বাংলাদেশের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর (২০০৯) রেডিও-কার্বন ডেটিংয়ের মাধ্যমে বাংলাদেশে ভূমিকম্পগুলো ২৫০ থেকে ৩০০ বছর পর পর হয়েছে বলে জাপানি বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন।ঈদের আগের দিন রাতে, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মতলবে সংঘটিত ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি ঢাকাবাসীকে যথেষ্ট আতঙ্কিত করেছে। কিন্তু ওই ভূমিকম্পটি ৭ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পের তুলনায় এক হাজার গুণেরও কম শক্তি ধারণকারী। একটি ৭ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প ঢাকার তিন লাখ ২৬ হাজার ভবনের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ ধ্বংস করবে আর এক লাখ ৫০ হাজার থেকে দুই লাখ লোককে হতাহত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।উপরিউক্ত পটভূমিতে আমাদের করণীয় কী? ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রধান কারণ ভবন ধ্বংস, আর এই ভবন ধ্বংস কেবল যথাযথভাবে ভবনের নকশা প্রণয়নের মাধ্যমে ঠেকানো বা লাঘব করা সম্ভব। যেকোনো নতুন ভবনের ভূমিকম্প-সহনীয় নকশা প্রণয়নের এবং তা বাস্তবায়নের জন্য প্রতি বর্গফুটে মাত্র ১০ টাকা খরচ করা প্রয়োজন। এ ছাড়া ভবনের কার পার্কিংয়ের জন্য রক্ষিত একতলাতে ওপরের তলাগুলোর তুলনায় কমপক্ষে ৭০ শতাংশ দেয়াল দেওয়া নিশ্চিত করা অথবা যথাযথ হিসাবের মাধ্যমে ব্রেসিং ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। পুরোনো ভবনগুলো ভূমিকম্প-সহনীয় করা অপেক্ষাকৃত ব্যয়সাপেক্ষ, প্রায় প্রতি বর্গফুটে ৪৫০ থেকে ৫০০ টাকা প্রয়োজন। এ ক্ষেত্রে জনস্বার্থে অধিকতর গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন—হাসপাতাল, ফায়ার সার্ভিস ভবন, বিদ্যালয় ভবন; যেগুলো আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যায়, এমন ভবন ভূমিকম্প-সহনীয় করা যেতে পারে।ইতিমধ্যে নির্মিত ভবনগুলো ভূমিকম্প-সহনীয় করে নির্মিত হয়েছে কি না, তা নিশ্চিত করা প্রয়োজন। ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজনীয় যন্ত্রাদি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বর্তমানে যথেষ্ট পরিমাণে মজুদ আছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যদি ভবনের ভূমিকম্পের ঝুঁকি নিশ্চিত হয়, তখন ভবনকে শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে।মেহেদী আহম্মদ আনসারীঅধ্যাপক, পুরকৌশল বিভাগ, বুয়েট এবংপরিচালক, বুয়েট-জাপান ইনস্টিটিউট অব ডিজাস্টারপ্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি (বুয়েট-জিডপাস)