আশঙ্কা থেকেই এত অভিযোগ বিএনপির!
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মন্জুর আলমের বিজয়ে উজ্জীবিত বিএনপির নেতা-কর্মীরা। বিজয়ের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকে সুষ্ঠু অভিহিত করে নির্বাচন কমিশনকে অভিনন্দনও জানিয়েছেন। যদিও নির্বাচনের দিন দফায় দফায় সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ করেছিলেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। এমনকি রাত ১২টায়ও দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ তোলেন।অতীত অভিজ্ঞতা থেকেই দেখা গেছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনে হারলেই কারচুপির নানা অভিযোগ তোলে, আর জিতলে নির্বাচনকে সুষ্ঠু আখ্যা দেয়। এবারও পরাজিত প্রার্থী নানা অভিযোগ তুলেছেন। মেয়র পদের ফল প্রকাশের পর এখন বিএনপির নেতারা বলেন, অতীতের নানা অভিজ্ঞতা থেকেই তাঁরা এসব অভিযোগ করেছিলেন। তবে তাঁদের আশঙ্কা সত্য প্রমাণিত না হওয়ায় তাঁরা খুশি। এখন তাঁরা বলছেন, এমনটা না করলেও চলত। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, ভোলার নির্বাচনের পর নির্বাচন কমিশন সম্পর্কে যে ধারণা ছিল, চট্টগ্রামের নির্বাচনের পর তা পরিবর্তিত হয়েছে। কমিশন কর্মের মধ্য দিয়ে যদি তার নিরপেক্ষতা প্রমাণ করতে পারে, তাহলে কোনো দল বা গোষ্ঠী তার বিরুদ্ধে অভিযোগ করলেই তা গ্রহণযোগ্য হবে না।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। অথচ নির্বাচন একটি রুটিন বিষয়। সারা বছর ধরেই নানা ধরনের নির্বাচন হবে। এতে কেউ হারবে, কেউ জিতবে—এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা মেনে না নিলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। তিনি বলেন, ছলে-বলে-কৌশলে নির্বাচনে জিততেই হবে—এমন মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলো নানা অভিযোগ করে থাকে। তিনি বলেন, মানুষের মতামতকে গুরুত্ব দেওয়াই গণতন্ত্র। গণতন্ত্রের জন্য কিছু প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশন এমনই একটি প্রতিষ্ঠান। অকারণে এর বিরুদ্ধে অভিযোগ করলে এ ধরনের প্রতিষ্ঠানকে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে।নির্বাচনের দিন বিএনপি সংবাদ সম্মেলন করে চারটি কেন্দ্র থেকে তাদের সমর্থিত প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগও করে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে গিয়ে অভিযোগের কোনো সত্যতা পায়নি। পরে বিএনপিকে তা জানায়ও কমিশন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অন্যতম অভিযোগকারী রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন বেশ ভালো হয়েছে। প্রথম দিকে আমরা পাঁচটি কেন্দ্রের গন্ডগোলের কথা বলেছি। কমিশন বলেছে, তারা আমাদের অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছে। নির্বাচন যাতে আরও সুষ্ঠু হয়, সে জন্যই আমরা অভিযোগ করেছি।’রাত সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশন ভোটের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাঁর অভিযোগের পর মধ্যরাতে বিএনপির নেতা-কর্মীরা নয়াপল্টনের রাস্তায় গাড়ি ভাঙচুর করেছেন। নিজ দলের লোকের গাড়িও বাদ যায়নি ভাঙচুর থেকে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব নির্বাচনের ফলাফলকে পাল্টে দেওয়ার চক্রান্ত করার অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। প্রথম দিককার ফলাফলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী এগিয়ে ছিলেন। এই ফল বেসরকারি টেলিভিশনগুলোতে প্রচার হওয়ায় বিএনপির নেতারা গণমাধ্যমেরও তীব্র সমালোচনা করেন।আশঙ্কা থেকে অভিযোগ!: রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা আশঙ্কা থেকেই এ ধরনের অভিযোগ করেছিলেন। কেন আশঙ্কা করেছিলেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এজেন্টদের কাছ থেকে খবর পাচ্ছিলাম, প্রতি কেন্দ্রেই আমরা বেশি ভোট পাচ্ছি। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রগুলোর ফল তৈরি করে এজেন্টদের দিচ্ছিলেন না। এতে করে আমাদের কর্মী-সমর্থকেরা মনে করেছিলেন, হয়তো কোনো ষড়যন্ত্র হচ্ছে। কারণ অতীতে তো এ ধরনের ঘটনা ঘটেছে।’ স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান মনে করেন, সব রাজনৈতিক দলকে সহনশীল হওয়া প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন কমিশন যে সত্যিকারভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারে, সেটা প্রমাণিত হয়েছে। কমিশনকে খামোখা দোষারোপ করা ঠিক নয়। কমিশনকেও আস্থা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। মাহাবুবুর রহমান বলেন, ‘চট্টগ্রামে কেউ হারেনি। গণতন্ত্রের বিজয় হয়েছে। প্রতিটি নির্বাচন যেন বিতর্কের ঊর্ধ্বে থাকে, এ জন্য কমিশনকে সবার সহযোগিতা করা উচিত।’ খালেদা, নিজামীর অভিনন্দন: বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী জয়লাভ করায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আর জয়লাভ করায় মন্জুর আলমকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।এক বিবৃতিতে খালেদা জিয়া নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আখ্যা দিয়ে নির্বাচন কমিশন, গণমাধ্যম, সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই বিজয়ের মাধ্যমে সরকারের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জনগণের রায় প্রতিফলিত হয়েছে।’