আশরাফ আটক!
রাজধানীর কলাবাগানে বান্ধবী ও তাঁর মা-বাবাকে কুপিয়ে আহত করার ঘটনার একমাত্র অভিযুক্ত আশরাফ আলী অবশেষে ধরা পড়েছেন। মহানগর পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র তাঁর আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি পুলিশ।টেলিফোনে যোগাযোগ করা হলে আশরাফের বাবা বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। তবে আশরাফ ঠিক কাদের হেফাজতে আছেন, তা তিনি বলতে পারেননি। তিনি বলেন, ‘কাইল (সোমবার) আমি ঢাহায় আইছিলাম। আমার ভাইরা কইলো যে আমাগো দ্যাশের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থেকে তারে ধরছে।’ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (ডিআইআইটি) ছাত্র আশরাফ (২৩) গত শনিবার ভোরে রাজধানীর কলাবাগানে সহপাঠী বান্ধবী ও তাঁর মা-বাবাকে কুপিয়ে আহত করেন।গতকাল দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কলাবাগানের ওই বাসার গৃহকর্মীদের জিজ্ঞাসাবাদ করে।বাবার আক্ষেপ: গত বছর নভেম্বর মাসেই বাবার জমি বেচা টাকা আর স্বজনদের কাছ থেকে ধার করে উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি জমান আশরাফ। কিন্তু হুট করে ফিরে আসেন তিনি। তবে মা-বাবার বক্তব্য, ছেলের ফিরে আসার কথা তাঁরাও এত দিন জানতেন না।আশরাফের বাবা বেলায়েত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘১০ কাঠা জমি বেচছি, আর হ্যার চাচারা ট্যাকা দিছে। প্রায় আট লাখ ট্যাকা লাগছে। ব্যাংকে দেখাইতে হইছে ২০ লাখ। আমার এত ট্যাকা নাই, তবু আমি ভাবি—আমি ল্যাহাপড়া করি নাই। ওর জন্য এতসব করলাম, আর ও সব শ্যাষ কইরা আইলো।’