আশরাফ ও নানকের পরস্পরবিরোধী বক্তব্য
নেত্রকোনায় উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বন্দ্ব নিয়ে জাতীয় সংসদে পরস্পরবিরোধী বক্তব্য দিলেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।আজ মঙ্গলবার সাংসদ মোশতাক আহমেদের লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের মধ্যে দ্বন্দ্বের কারণে নেত্রকোনাসহ বিভিন্ন উপজেলায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে—এ-সংক্রান্ত কোনো তথ্য মন্ত্রণালয়ে পাওয়া যায়নি। বিভিন্ন পত্রিকায় এ-সংক্রান্ত দু-একটি বিচ্ছিন্ন সংবাদ ছাপা হলেও বাস্তবে প্রমাণ মেলেনি বলে দাবি করেন মন্ত্রী।তবে মন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে প্রতিমন্ত্রী নানক বলেন, উপজেলা চেয়ারম্যানরা দায়িত্বে অবহেলা করলে এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ভিত্তিতে একজন পৌর মেয়রের বিরুদ্ধে সম্প্রতি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়নকাজে বাধা দিলে নেত্রকোনার চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।