আশরাফ দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে
নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি আশরাফ হোসেন সরকারকে গতকাল শনিবার আবারও তিন দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।লোকমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আশরাফ হোসেন সরকার একমাত্র এজাহারভুক্ত আসামি।প্রথম দফার ১০ দিনের রিমান্ড শেষে গতকাল শহর যুবলীগের সভাপতি আশরাফকে নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় গোয়েন্দা পুলিশ। গতকাল আদালতে প্রথমবারের মতো আশরাফের জামিন ও সুচিকিৎসার আবেদন জানান তাঁর আইনজীবীরা। আদালতের বিচারক আশিকুল খবির আশরাফের জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।১৫ নভেম্বর মামলার ১১ নম্বর আসামি আশরাফ হোসেন সরকারকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।আশরাফের আইনজীবী শরফুদ্দীন খান সাংবাদিকদের বলেন, ‘আমরা জানতে পেরেছি, গ্রেপ্তার হওয়া হাজি সেলিম ও টিপন কাজী কেউই হত্যাকাণ্ডের সঙ্গে আশরাফের জড়িত থাকার কথা স্বীকার করেননি। আমরা আশঙ্কা করছি, আশরাফকে আবারও রিমান্ডে নিয়ে নির্যাতন করে ও রাজনৈতিক চাপ সৃষ্টি করে তাঁর কাছ থেকে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করা হবে।’পুলিশ বলেছে, তদন্তের স্বার্থে আশরাফকে আবারও রিমান্ডে নেওয়া দরকার। তাই রিমান্ডের আবেদন জানানো হয়।নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলার আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।১ নভেম্বর রাত আটটার দিকে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হন। এ ঘটনায় নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুজন ছাড়া বাকি সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।