একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগে মো. আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। আজ মঙ্গলবার তদন্ত সংস্থার বেইলি রোডের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।সংবাদ ব্রিফিংয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও সহ-সমন্বয়ক এম সানাউল হক সাংবাদিকদের জানান, একাত্তরে আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীন ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) সদস্য ছিলেন। দেশকে মেধাশূন্য করতে একাত্তরের ডিসেম্বরে ছাত্রসংঘের সদস্যরা হাইকমান্ডের নির্দেশে আলবদর বাহিনীতে রূপান্তরিত হয়। আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ ছিলেন মাঈনুদ্দীন ও চিফ এক্সিকিউটর ছিলেন আশরাফুজ্জামান। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১৯৭১ সালের ১০-১৫ ডিসেম্বরের মধ্যে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার ঘটনায় আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীনের বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনা হয়েছে। এই ১৮ জনের মধ্যে আছেন নয়জন শিক্ষক—গিয়াসউদ্দিন আহমেদ, রাশিদুল হাসান, আনোয়ার পাশা, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আবুল খায়ের, সন্তোষ ভট্টাচার্য, ফয়জুল মহী ও সিরাজুল হক খান; তিনজন চিকিত্সক—ফজলে রাব্বি, আবদুল আলিম চৌধুরী ও মোহাম্মদ মর্তুজা এবং ছয়জন সাংবাদিক—সিরাজুদ্দীন হোসেন, সৈয়দ নাজমুল হক, আ ন ম গোলাম মোস্তফা, নিজামুদ্দীন আহমেদ, সেলিনা পারভীন ও শহীদুল্লা কায়সার।তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীন সশস্ত্র অবস্থায় বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষাকেন্দ্রে নিয়ে যেতেন। আটক করে নির্যাতনের পর মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করতেন।গত বছরের ২৫ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত প্রায় এক বছর ঢাকায় তদন্ত শেষ করা হয়। এই দুজনের বিরুদ্ধে সাক্ষী ৪৫ জন। তদন্ত প্রতিবেদন কাল বুধবার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীর কাছে জমা দেওয়া হবে।বর্তমানে আশরাফুজ্জামান খান নিউইয়র্কে এবং চৌধুরী মাঈনুদ্দীন লন্ডনে আছেন।