আশরাফকে ধিক্কার জানাই: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্র ধ্বংস করতে তারা নতুন কল্পকাহিনী তৈরি করছে।আজ শনিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল সীমান্তের ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় বলে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানান। তিনি বলেন, ‘আশরাফকে ধিক্কার জানাই। আওয়ামী লীগ দেশের মানুষকে রক্ষা করতে পারছে না। তাই তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।’বিএনপির নেতা ফখরুল আরও বলেন, ‘স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে বাকশাল কায়েম করেছে। এখনো এই সরকার গণতন্ত্র ধ্বংস করতে নতুন ষড়যন্ত্র মেতেছে।’আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো বক্তব্য দেননি। আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগ সব সময় সেনা-সমর্থিত সরকারকে স্বাগত জানিয়েছে। তারা বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ প্রমুখ।