আশরাফুলের পুনর্জন্মে মুশফিকের সঙ্গত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলে সন্ধ্যা নামার দৃশ্যটা খুব সুন্দর। খেলা শেষে মাঠ থেকে প্রায় এক ঘণ্টা দূরত্বের হোটেলে ফেরার পথে বাস থেকে কালকের সন্ধ্যাটা আরও সুন্দর লাগল বাংলাদেশ দলের কাছে। পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে যে দিনটি, সেটি যে রাঙিয়ে দিয়েছে সবার মন। এমন আলো ঝলমল দিন বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি আসেনি। শ্রীলঙ্কায় তো কখনোই নয়।দিনের খেলা শেষে পুরো দল নেমে এসেছে মাঠে। অপরাজিত দুই বীরকে বরণ করে নিতে। দিনের শেষ বলটি হওয়ার পর উইকেটে হাত মিলিয়েছেন মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম। মাঠ থেকে বেরিয়ে আসার সময় দুজনের মুখেই চওড়া হাসি। মুখ কালো করে, মাথা নিচু করে অনেকবার ফিরেছেন জীবনে। আজ তাঁরা হাসবেন না তো কী!ক্রিকেটে সফল হতে গেলে প্রতিভা লাগে, পরিশ্রম লাগে, একটু ভাগ্যও বোধ হয় লাগে। নইলে ১৮৯ রানে অপরাজিত যে ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির স্বপ্ন চোখে ফিরে এলেন ড্রেসিংরুমে, তাঁর তো এই সফরে আসারই কথা ছিল না। নির্বাচকেরা ২৫ জনের দলেও রাখার যোগ্য মনে করেননি যাঁকে; ভাগ্য, নেহাতই ভাগ্য তাঁকে এই শ্রীলঙ্কায় এনেছে। পাকেচক্রে দলে জায়গা পাওয়া সেই মোহাম্মদ আশরাফুলই লিখলেন বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়।দু-তিন বছর ধরে দলে এই আছেন, এই নেই। একসময় যে ‘আশরাফুল’ নামটি বাংলাদেশে আবেগের রং ছড়াত, সেটিই অসীম বিতৃষ্ণার বিষ ছড়িয়ে দিতে শুরু করেছিল অনেকের মনে। কত অপমান, কত গঞ্জনা! কত বিনিদ্র রাত! আশরাফুল মুখ বুজে নীরবে সব সয়ে গেছেন। ‘ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সয়ে যাও/ভেতরে বিষের বালি/মুখ বুজে মুক্তো ফলাও।’আবুল হাসানের নামও শোনেননি মোহাম্মদ আশরাফুল। কিন্তু ভেতরে বিষের বালি নিয়ে ঠিকই ‘মুক্তো’ ফলালেন।চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আশরাফুলের সেই ইনিংসটা দেখেছেন যে ভারতীয় সাংবাদিকেরা, এখনো তাঁরা সেটির গল্প করেন। জহির খান-কুম্বলেদের চোখের জল-নাকের জল এক করে অপরাজিত ১৫৮। সোয়া আট বছর পর নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আশরাফুল। বাংলাদেশের ক্রিকেটের অনন্ত প্রহেলিকা আবারও সবাইকে মনে করিয়ে দিলেন সেই অমর বাণী—ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।কিন্তু কালকের দিনটা তো শুধু মোহাম্মদ আশরাফুলের নয়। এখানে যে মুশফিকুর রহিমও সমান দেদীপ্যমান। দিন শেষে ১৫২ রানে অপরাজিত। অধিনায়কোচিত এই ইনিংসেও কাব্য করার অনেক উপাদান। কিন্তু রূপকথার ফিনিক্স পাখির মতো ছাই থেকে পুনর্জন্ম ঘটানো আশরাফুলের পাশে সেটিও বিবর্ণ হয়ে যায়! আশরাফুলের এই ইনিংস তো শুধু ক্রিকেটের রান-স্কোরে আটকে থাকে না। কোথাও এসে সেটি ক্রিকেটের সীমানা ছাড়িয়ে জীবনের সঙ্গে একাকার হয়ে যায়!তা না হয় হলো। কিন্তু শেষ পর্যন্ত তো এটা একটা ক্রিকেট ম্যাচই। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে অভাবিত এক পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দেওয়ায় আশরাফুলের চেয়ে মুশফিকুরের অবদান মোটেই কম নয়। শ্রীলঙ্কা ৫৭০ করে ছেড়ে দেওয়ার পর চোখ রাঙাতে থাকা ফলোঅনের শঙ্কাকে তো তুড়ি মেরে দিল এই যুগলবন্দীই। পঞ্চম উইকেটে দুজনের ২৬১ রানের জুটি। টেস্ট ক্রিকেটে যেকোনো জুটিতেই বাংলাদেশের আগের রেকর্ডকে যেটি এরই মধ্যে ছাড়িয়ে গেছে ৬১ রান। সারা দিনে রান উঠল ৩০৩, উইকেট মাত্র দুটি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটাও হয়ে গেল এতে। কাকতালীয়ভাবে আগের সর্বোচ্চ ৪১৩ রানেও (ঢাকা, ২০০৮) সেঞ্চুরি ছিল মোহাম্মদ আশরাফুলের।কাকতালীয় হয়তো নয়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং মানেই তো মোহাম্মদ আশরাফুল। ইতিহাস গড়া সেই অভিষেক সেঞ্চুরি এই শ্রীলঙ্কায়। টেস্টে তাঁর ছয় সেঞ্চুরির পাঁচটিরই প্রতিপক্ষ এই শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে আশরাফুল ছাড়া এই প্রথম সেঞ্চুরি করলেন বাংলাদেশের অন্য কেউ। শ্রীলঙ্কার বিপক্ষে আশরাফুলের সেঞ্চুরি তাই নতুন কিছু নয়। নতুন হলেন এই আশরাফুল। যিনি প্রায় চার সেশন ব্যাটিং করে একটাও বাজে শট খেলেননি। ৪৯৬ মিনিট হয়ে গেছে উইকেটে, খেলে ফেলেছেন ৩৯৮ বল (এটিও বাংলাদেশের রেকর্ড)। দেশ ছাড়ার আগে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে বলে এসেছিলেন, এই সিরিজেই বাংলাদেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিটা করে ফেলতে চান। সাংবাদিকদের কাউকে কাউকেও বলেছিলেন। পাঠক মহলে সেটি টীকা-টিপ্পনীর খোরাক হতে পারে ভেবে কেউ তা লেখেননি। সেই ডাবল সেঞ্চুরি এখন মাত্র ১১ রান দূরে। এই টেস্ট ড্র করাও এখন আর খুব দূরের স্বপ্ন বলে মনে হচ্ছে না। শ্রীলঙ্কান কোচ গ্রাহাম ফোর্ড ‘এখনো অনেক খেলা বাকি’ বলে আশা খুঁজছেন। কিন্তু ড্রকেই যে এই টেস্টের সম্ভাব্য ফল বলে মনে মনে মেনে নিয়েছেন, সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে পরের কথাতেই। যখন তিনি বলছেন, দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ২০ উইকেট নিতে অন্য কোনো রণকৌশলের কথা ভাবতে হবে।প্রেসবক্সের ঠিক পাশে শ্রীলঙ্কার নির্বাচকদের বক্স। কাল চা-বিরতির একটু পর সেখানে একগাদা সংবাদপত্র নিয়ে বসে প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া। আশরাফুলের ইনিংস নিয়ে বা ম্যাচ নিয়ে কোনো কথা বলবেন না বলে সটান জানিয়ে দিলেন। প্রধান নির্বাচক হিসেবে তা বলা নাকি ঠিক নয়। হকচকিত মুখটা দেখে মনে হলো, এটা বোধ হয় আসল কারণ নয়। প্রধান নির্বাচকের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অভাবিত প্রতিরোধ তাঁকে নির্বাক বানিয়ে দিয়েছে। আশরাফুল-মুশফিকের কীর্তিতে আড়ালে পড়ে যাচ্ছে। নইলে বাংলাদেশের ইনিংস কিন্তু দুটি জুটির গল্প। মমিনুলের সঙ্গে আশরাফুলের ১০৫ রানের জুটিটিই এই ম্যাচে বাংলাদেশের লড়াইয়ের প্রথম ঘোষণা।দুই জুটির মাঝখানে মাহমুদউল্লাহ নেমে ‘অকারণ ঝামেলা’ করলেন। মমিনুল-মুশফিকুর-আশরাফুলের উচ্চতায় আধা ইঞ্চি করে ব্যবধান। চারে মাহমুদউল্লাহ না নামলে পাঁচ ফুট সাড়ে তিন, চার ও সাড়ে চার ইঞ্চি এই তিন ব্যাটসম্যান মিলে টেস্ট ইতিহাসে সবচেয়ে খর্বকায় মিডল-অর্ডারের রেকর্ডটি করেই ফেলতেন।‘ছোট’ ‘ছোট’ এই তিন ব্যাটসম্যানেরই বড় বড় সব কীর্তি। অভিষেকেই মমিনুলের ঝকঝকে এক হাফ সেঞ্চুরি। দেখে মনেই হয়নি, প্রথম টেস্ট খেলতে নেমেছেন। আসল বিস্ময় বোধ হয় সেটি নয়। সেটি গলের উইকেট। এত দিন ক্রিকেট-বিশ্ব দেখে এসেছে, গলের উইকেটে দ্বিতীয় দিন থেকেই ধুলা উড়তে শুরু করে। তৃতীয় দিন থেকে এখানে স্পিনার-রাজ। এবার ব্যতিক্রম। তৃতীয় দিনে এসেও উইকেট ব্যাটিং-স্বর্গ, যেমন বলেছিলেন কিউরেটর জয়ানন্দ বর্ণবীরা। বাংলাদেশকে দুবার আউট করতে উইকেটে তেমন কিছু যায়-আসে না ভেবেই কি এমন বানিয়েছিলেন!...প্রেসবক্সের পাশেই শ্রীলঙ্কান নির্বাচকদের বক্স। সেখানে একগাদা সংবাদপত্র নিয়ে গভীর মনোযোগে পড়ছিলেন সনাৎ জয়াসুরিয়া। আশরাফুলের ইনিংস বা বাংলাদেশের ‘অভাবিত’ লড়াই সম্পর্কে কোনো মন্তব্যই করতে রাজি হলেন না।তৃতীয় দিন শেষেশ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৭০/৪ ডিবাংলাদেশ ১ম ইনিংস: ৪৩৮/৪